রাজধানীর লালবাগ ও মোহাম্মদপুর এলাকা থেকে পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার দুপুরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
আটককৃতরা হলেন-নিষিদ্ধ ছাত্রলীগের কামরাঙ্গীরচর থানার সহসভাপতি মো. মাহির এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা শাহীন। অভিযানে মাহিরের কাছ থেকে চারটি ও শাহীনের কাছ থেকে দুটি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে।
লালবাগ থানা পুলিশ জানায়, রবিবার দুপুর আড়াইটার দিকে ঢাকেশ্বরী মন্দির-সংলগ্ন এলাকায় পুলিশের তল্লাশি চলছিল। এ সময় রিকশাযোগে যাওয়ার পথে পুলিশ দেখে ভয়ে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন মাহির। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে ব্যাগ তল্লাশি করলে চারটি পেট্রলবোমা পাওয়া যায়।
অন্যদিকে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি পেট্রলবোমাসহ যুবলীগ নেতা শাহীনকে আটক করা হয়।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন জানান, ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সহায়তায় উদ্ধার হওয়া পেট্রলবোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। আটক মাহিরকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

















