৩৫ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনার পর সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরেছেন শিক্ষক বিপ্লব সরকার। সম্মাননা স্মারক ও নানা উপহার হাতে নিয়ে তাঁর এমন বিদায়কে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় আবেগঘন পরিবেশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
সংবর্ধনা শেষে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়ির উদ্দেশে রওনা হন বিপ্লব সরকার।
১৯৯১ সালে পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৯৩ সালে যোগ দেন গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে। দীর্ঘদিন সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২১ সেপ্টেম্বর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। মঙ্গলবার ৩৫ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে যান তিনি।
বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শওকত আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশীন প্রত্যাশা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম।
পূর্বকোণ/রানা/পারভেজ

















