চট্টগ্রামের মিরসরাইয়ে তুলা ও প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেল স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং মোহাম্মদ খানসাবের তুলা ও প্লাস্টিকের গোডাউনসহ আরও প্রায় ৮টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে মিরসরাই ও বারইয়ারহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত মোহাম্মদ খানসাব আক্ষেপ করে বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। আগুন সবকিছু কেড়ে নিয়েছে। সব পুড়ে ছাই হয়ে গেল। এখন কীভাবে ব্যবসা দাঁড় করাবো?”
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইফতেখার উদ্দিন বলেন, খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভাড়াটিয়াদের ভাষ্যমতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। নগদ টাকা, বাইসাইকেলসহ আনুষঙ্গিক বিভিন্ন জিনিসপত্র পুড়ে বেশ কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, দ্রুত ঘটনাস্থলে পোঁছানোয় আশপাশের কয়েকটি স্থাপনা রক্ষা করা সম্ভব হয়েছে।
পূর্বকোণ/রানা/পারভেজ

















