চট্টগ্রাম নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত অভিযান কোতোয়ালীতে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ ও চার দোকান মালিককে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। আজ সোমবার স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান, চেরাগী পাহাড়, মোমিন রোড, আন্দরকিল্লা ও লালদীঘির পাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উল্লেখিত এলাকার সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় শতাধিক বিভিন্ন ধরনের দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ জন দোকান মালিককে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয় এবং মোবাইল কোর্টে বাধা দেওয়াই এক ব্যক্তিকে কোতোয়ালি থানার ভ্রাম্যমাণ পুলিশের কাছে সোপর্দ করা হয় । এছাড়া জামালখান সিঁড়ির মাথা এলাকা থেকে প্রায় ২ মন বিভিন্ন ধরনের সবজি জব্দ করে কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কের নিকট হস্তান্তর করা হয় এবং সড়ক ও ফুটপাতে অবৈধভাবে রাখা ভ্যান গাড়ি, টং দোকান ও ফুট স্টলসহ মোট ৭টি মালামাল জব্দ করা হয়। এ সময় সড়ক ও ফুটপাতের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দখলমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
পূর্বকোণ/আরআর

















