আর মাত্র এক দিন। ২৪ নভেম্বর স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় ২৫ নভেম্বর সকাল ৬টা) পুয়ের্তো রিকোর কোলসিও ডি পুয়ের্তো রিকো জোসে মিগুয়েল অ্যাগ্রেলটে বসছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। শতাধিক দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। এবারের আসরে মাহির মুকুট জয়ের সম্ভাবনা কতটা? আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে কেমন করলেন তিনি? ফাইনালের আগমুহূর্তে এসব প্রশ্নই ঘুরছে দেশের সৌন্দর্যসচেতন মানুষের মনে।
প্রতিযোগিতার অভিজ্ঞতা প্রসঙ্গে হাস্যোজ্জ্বল মাহি বললেন, ‘ভেরি টাফ। জানি না কী অপেক্ষা করছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা অসাধারণ সব প্রতিযোগী আছেন। আশা তো করতে পারি। বাকিটা চূড়ান্ত পর্বের পারফরম্যান্সে বোঝা যাবে। এমনিতে গতকাল সবার কাছ থেকে বেশ অ্যাপ্রিসিয়েশন পেয়েছি।’
মাহির কথাতেই বোঝা যায়, প্রতিযোগিতাটি কতটা কঠিন। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ ও প্রস্তুত প্রতিযোগীদের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাঁকে। তবে ফাইনালের আগে নিজের পারফরম্যান্স নিয়ে আশাবাদী হওয়ার মতো কিছু অভিজ্ঞতাও হয়েছে তাঁর। বিশেষ করে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার সুযোগটিকে গুরুত্ব দিচ্ছেন তিনি।
গত ৭ নভেম্বর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জয়ের পরের দিনই (৮ নভেম্বর) পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন মাহি। ফলে আন্তর্জাতিক এই মঞ্চের জন্য নিজেকে প্রস্তুত করার সময় পেয়েছেন মাত্র এক দিন। তবে স্বল্প সময়ের এই চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়েছেন গত আসরের বাংলাদেশি প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। প্রায় ৩৫টি পোশাক নিয়ে বিশ্বমঞ্চে পা রাখা মাহি ফাইনালের আগে বেশ আত্মবিশ্বাসী।
মিস ইউনিভার্সের অন্যতম আকর্ষণীয় পর্ব জাতীয় পোশাক প্রদর্শনী। ২২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় অনুষ্ঠিত এই পর্বে লাল-সাদা খাদির শাড়িতে মঞ্চে হাজির হন মাহি। তাঁর পোশাকের মূল ভাবনা ছিল মাতৃত্ব। ‘মাদারহুড: আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ ভাবনায় মায়ের সঙ্গে সন্তানের চিরন্তন সম্পর্ক এবং মাতৃভূমির প্রতি ভালোবাসার গল্প তুলে ধরেছেন তিনি।
মিস ইউনিভার্সে বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও গুরুত্বপূর্ণ। এবারের প্রতিযোগিতায় মাহির পক্ষে ভোট দিতে দেশের মানুষের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে। প্রতিযোগিতার দর্শকভোটে একপর্যায়ে ভালো অবস্থান তৈরি করেছিলেন তিনি। ১৯ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে তাঁকে সাপ্তাহিক ভোটে শীর্ষে এবং সর্বমোট ভোটের হিসাবে তৃতীয় অবস্থানে থাকার কথা জানানো হয়েছিল। এই ভোটের মাধ্যমে সেরা ৩০-এ সরাসরি জায়গা পাওয়ার সুযোগ রয়েছে প্রতিযোগীদের। তবে ভোটের অবস্থান পরিবর্তনশীল।
বাংলাদেশের জন্য মিস ইউনিভার্সের মঞ্চে সাফল্যের অভিজ্ঞতা খুব বেশি দিনের নয়। ২০১৯ সালে প্রথমবার অংশ নেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে অংশ নেন অনিকা আলম। তবে ২০২৫ সালে বাংলাদেশকে প্রথমবারের মতো সেরা ৩০-এ জায়গা করে ইতিহাস গড়েন তানজিয়া জামান মিথিলা। ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তাঁর এই অর্জন বাংলাদেশের দর্শকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করে। এবার সেই ধারাবাহিকতা ধরে রাখার দায়িত্ব মাহির কাঁধে।
মাহি কি পারবেন মিথিলার সাফল্য ছাড়িয়ে বাংলাদেশে প্রথমবারের মতো মিস ইউনিভার্সের মুকুট এনে দিতে? উত্তর মিলবে ফাইনালের মঞ্চেই। আপাতত মাহির মতে, প্রতিযোগিতাটি কঠিন হলেও আশা ছাড়ছেন না তিনি। অল্প সময়ের প্রস্তুতি, নতুন অভিজ্ঞতা আর বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে শেষ মুহূর্তের অপেক্ষায় আছেন মাহি। তাঁর মুকুট জয়ের স্বপ্ন পূরণ হবে কি না, তা জানতে এখন তাকিয়ে থাকতে হবে ফাইনালের দিকে।
পূর্বকোণ/মিফতা/পারভেজ

















