চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় কথিত অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে আদালতের নির্দেশনা ও পুলিশি তদন্তের পর মামলা দায়ের করা হয়েছে। থানার উপ-পরিদর্শক মো. আশরাফ উদ্দিন সরদার বাদি হয়ে মামলায় অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। রবিবার (২১ জুন) পাঁচলাইশ মডেল থানায় মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে চমেক হাসপাতালকেন্দ্রিক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে রোগী ও মৃত ব্যক্তির স্বজনদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, বাইরের বৈধ অ্যাম্বুলেন্স প্রবেশে বাধা, চালকদের হুমকি ও হয়রানির অভিযোগ উঠে আসে।
অভিযোগগুলো আমলে নিয়ে গত ৮ জুন চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার বিষয়টি তদন্তের নির্দেশ দেন। আদালত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) সরেজমিন তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন ও বেআইনি বাধা প্রদানের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।
আদালতের নির্দেশনার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ বিষয়টি তদন্ত করেন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর মামলা দায়েরের জন্য পাঁচলাইশ থানাকে নির্দেশনা দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পূর্বকোল/আরআর/পারভেজ
















