জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনা তদন্তে গঠিত তিন সদস্যের কমিটির প্রতিবেদন দেওয়ার সময় আরও ৪ দিন বাড়ানো হয়েছে। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বৃহস্পতিবার (১৮ জুন) কমিটিকে সোমবার (২২ জুন) পর্যন্ত সময় দিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।
এর আগে সিএমপি কমিশনার কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছিলেন। তদন্ত কমিটির প্রধান সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) আলমগীর হোসেন জানান, ‘আমরা এ ঘটনায় সংশ্লিষ্ট ২৯ জনের সাক্ষ্য নিয়েছি।
যে তথ্যের ভিত্তিতে ক্রিকেটার নাঈমকে তল্লাশি করা হয়েছিল, সেই তথ্য যে সংস্থা থেকে এসেছে, তাও তদন্ত করে দেখা হচ্ছে। এজন্য বাড়তি সময় চাওয়া হয়েছে। জড়িতদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে’।
প্রসঙ্গত, গত ১২ জুন রাতের ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে নামার পর সেখান থেকে সিএনজি অটোরিকশায় বাসার উদ্দেশে রওনা হন নাঈম হাসান। এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় লালখান বাজার এলাকায় পুলিশ অটোরিকশা থামিয়ে চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র নিয়ে নেয়। পরে গাড়ি থেকে নামিয়ে নাঈম হাসানকে লাঠি ও পাইপ দিয়ে মারধর করেন খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও পুলিশের সোর্স সোহেল। একপর্যায়ে নাঈমকে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানেও তাকে হেনস্তা করা হয়। পরে বিসিবি কর্মকর্তাদের হস্তক্ষেপে থানা থেকে ছাড়া পান নাঈম।
পূর্বকোণ/আরআর
















