চট্টগ্রাম শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সর্বশেষ:

মেসির বাবাকে মৃত ঘোষণা করে চাকরি হারালেন উপস্থাপিকা

মেসির বাবাকে মৃত ঘোষণা করে চাকরি হারালেন উপস্থাপিকা

স্পোর্টস ডেস্ক

১৯ জুন, ২০২৬ | ১:২৫ অপরাহ্ণ

বিশ্বকাপের মহোৎসবের মাঝেই ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর প্রচার করে চরম সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং মাধ্যম লুসু টিভি। ঘটনার জেরে উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনিয়া এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান এল শো দেল ভেরানোর পুরো ব্যাকস্টেজ টিমকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

 

বিশ্বকাপে আলজেরিয়া বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ চলার সময় মাঠে মেসিকে আবেগঘন অবস্থায় দেখা যাওয়ার পর দর্শকদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। সেই সময় লাইভে পেনা দাবি করেন, মেসির বাবা মারা গেছেন এবং এই কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

 

তবে এই তথ্য দ্রুতই প্রশ্নের মুখে পড়ে। কিছুক্ষণের মধ্যেই মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হোর্হে মেসি জীবিত আছেন। তিনি কিছু স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসাধীন থাকলেও মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া। ভুল তথ্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়।

 

যাচাই ছাড়া এমন সংবেদনশীল খবর প্রচারের দায় নিয়ে প্রশ্ন ওঠে উপস্থাপিকা এবং সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের ভূমিকা নিয়েও। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রকাশ্যে ক্ষমা চান ফ্লোরেনসিয়া পেনা। যদিও তিনি জানান, সম্প্রচারের সময় প্রযোজনা টিমের তথ্যের ভিত্তিতেই তিনি এ কথা বলেছিলেন। এরপর ভুল তথ্য প্রচারের দায় স্বীকার করে নেন তিনি।

 

 

কিন্ত এতেও সমালোচনার রেশ কমেনি। শেষ পর্যন্ত বিতর্কের জেরে লুজু টিভি থেকে সরে দাঁড়ান এই উপস্থাপিকা। চ্যানেল কর্তৃপক্ষও জানায়, যথাযথ যাচাই ছাড়া এমন স্পর্শকাতর তথ্য প্রচার করা তাদের নীতিমালার পরিপন্থী। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আরও কঠোর নজরদারির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

এদিকে চাকরি ছেড়ে ফ্লোরেনসিয়া পেনা বলেন, ‘মেসি পরিবার যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কষ্টের কারণ হয়ে উঠতে পেরে আমি গভীরভাবে লজ্জিত। তবুও, এই ভুলের অংশ হওয়ার দায় আমি স্বীকার করছি। লুজু টিভি থেকে পদত্যাগ করছি।’

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট