বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই মাঠের বাইরের এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে পা হারানো এক কিশোর ভক্তের স্বপ্ন পূরণ করে আবারও ফুটবল বিশ্বের হৃদয় জয় করেছেন পর্তুগিজ এই মহাতারকা।
সম্প্রতি ভেনিজুয়েলায় আঘাত হানা একাধিক শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই প্রাকৃতিক দুর্যোগে লা গুয়াইরা প্রদেশের বাসিন্দা কিশোর আন্দ্রেস মিয়েলেস তার একটি পা হারায়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের এই চরম কঠিন সময়ে তার একটিই ছোট চাওয়া ছিল নিজের বিশ্বকাপ স্টিকার অ্যালবামের জন্য প্রিয় তারকা রোনালদোর একটি অফিশিয়াল স্টিকার।
ভক্তের এই আবেগময় ইচ্ছার কথা জানতে পেরে চুপ থাকেননি সিআরসেভেন।
ভিডিওতে ভক্তকে সাহস জুগিয়ে রোনালদো বলেন, ‘হ্যালো আন্দ্রেস, কেমন আছ? তোমাকে একটি উষ্ণ আলিঙ্গন পাঠাতেই আমার এই ভিডিওটি করা।
আমি জানি তুমি আমার কত বড় ভক্ত। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি চাই তুমি আমার একটি ম্যাচ দেখতে মাঠে এসো, আমরা একসঙ্গে সময় কাটাব। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। শক্ত থাকো, বন্ধু।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাংবাদিক গ্যাবি আরোচা জানিয়েছেন, কয়েকজন সহৃদয় ব্যক্তির সহায়তায় আন্দ্রেস ইতোমধ্যেই তার কাঙ্ক্ষিত বিশ্বকাপ স্টিকারটি হাতে পেয়েছে। তবে চমক এখানেই শেষ নয়, রোনালদোর নিজের সই করা একটি বিশেষ জার্সিও উপহার হিসেবে পেতে যাচ্ছে এই কিশোর।
উল্লেখ্য, রোনালদোর এই উদ্যোগের আগেই ভেনিজুয়েলার ভূমিকম্প দুর্গতদের পাশে দাঁড়িয়েছিলেন তার জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজ। ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় তিনি সেখানে পর্যাপ্ত ত্রাণসামগ্রী পাঠিয়েছিলেন। মাঠের জাদুকরী পারফরম্যান্সের পাশাপাশি এমন মানবিক উদ্যোগগুলোই প্রমাণ করে, কেন রোনালদো বিশ্বজুড়ে এত মানুষের ভালোবাসার পাত্র।
পূর্বকোণ/আদর/পারভেজ
















