চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির অঙ্গ সংগঠনের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে সীতাকুণ্ড পৌর সদরের ফকিরপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে সীতাকুণ্ড পৌর সদরের পন্থিছিলা স্কুল মাঠে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ওই খেলায় কথা কাটাকাটিকে কেন্দ্র করে সীতাকুণ্ড পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মাসুম এবং শ্রমিক দল নেতা মো. আলাউদ্দিনের মধ্যে বিবাদ তৈরি হয় এবং তারা একে অপরকে দেখে নেওয়ার হুমকি দেন।
এরই সূত্র ধরে, বৃহস্পতিবার রাতে আলাউদ্দিনের অনুসারীরা একটি মিছিল নিয়ে স্থানীয় ফকিরপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় মাসুমের গ্রুপের মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জনই আলাউদ্দিনের গ্রুপের বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, ফুটবল খেলাকে কেন্দ্র করে এই মারামারির সূত্রপাত হয়েছে। বর্তমানে দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে এবং পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করছে।
পূর্বকোণ/সিজান
















