চট্টগ্রাম শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী গৃহবধূ নিহত, আহত ৩

অনলাইন ডেস্ক

১৯ জুন, ২০২৬ | ১২:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের খুরুশকুলে ডাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে নতুন সেতু–সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সানজিদা আকতার (৪০)। তিনি খুরুশকুল প্রকল্প এলাকার কেউড়া ভবনের বাসিন্দা মোহাম্মদ আলীর স্ত্রী।

আহতরা হলেন- ইয়ারু বেগম (৩৮), তার মেয়ে পারুল বেগম (১৪) ও ইজিবাইক চালক মো. আরাফাত (১৬)।

এদের মধ্যে ইয়ারু বেগম নিহত সানজিদা আকতারের বড় ভাইয়ের স্ত্রী।

আহত তিনজনকেই কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সানজিদা চিকিৎসার জন্য ভাবি ইয়ারু বেগম ও ভাতিজি পারুলকে সঙ্গে নিয়ে কক্সবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন। ইজিবাইকে করে হাসপাতালের উদ্দেশে রওনা দেন তারা। ইজিবাইকটি নতুন সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইক উড়ে গিয়ে অনেক দূরে গিয়ে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সানজিদার। কোমর ও পা ভেঙে গুরুতর আহত হন ইয়ারু বেগম। ইজিবাইকের চালক আরাফাতের পা ভেঙে গেছে। পারুলের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ডাম্প ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন।

পূর্বকোণ/রেহেনুমা নাসির

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট