চট্টগ্রাম শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সর্বশেষ:

ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে রাউজানে বিক্ষোভ, জড়িতদের শাস্তির দাবি

জড়িতদের শাস্তির দাবি

ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে রাউজানে বিক্ষোভ

রাউজান সংবাদদাতা

১৯ জুন, ২০২৬ | ৮:৪০ অপরাহ্ণ

ভগবান শ্রীরামচন্দ্রের চিত্রপটে জুতা নিক্ষেপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামের রাউজানে বিশাল মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান সদরের বটতল মুন্সিরঘাটায় ‘রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন আদ্যাপীঠ মন্দিরের প্রধান পৌরোহিত শ্রী তপন চক্রবর্তী। এছাড়া আশীর্বাদক হিসেবে শ্রীকৃষ্ণ দাশ বাবাজী এবং অতিথি হিসেবে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসু, বিএনপি নেতা জাফর চৌধুরী, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজের আহ্বায়ক ডা. লিটন শর্মা, সাধারণ সম্পাদক সুমন দাশগুপ্তসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীরামচন্দ্রের চিত্রপট অবমাননা ও অনলাইনে অপপ্রচারের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। তারা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একইসঙ্গে বক্তারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান।

সমাবেশে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন অর্পণ মহাজন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীমান দাশ শুভ। এতে শিক্ষক, প্রকৌশলী, আইনজীবী ও চিকিৎসকসহ বিভিন্ন পেশাজীবী এবং স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় যা রাউজান সদর ও মুন্সিরঘাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট