চট্টগ্রাম শুক্রবার, ১৯ জুন, ২০২৬

জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, অডিও ফাঁস

অনলাইন ডেস্ক

১৯ জুন, ২০২৬ | ১১:৩০ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য (এমপি) শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার একটি অডিও রেকর্ড।

ফাঁস হওয়া অডিওতে শোনা যায়- ‘লোহাগাড়ার এমপি আরমান সাহেব, শাহজাহান চৌধুরী এখানে আসলে পায়ে গুলি করব’।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অডিওতে কথোপকথন চালানো দুই ব্যক্তির মধ্যে একজন হলেন এমপির পিএ আরমান উদ্দিন এবং অপর প্রান্তে থাকা ব্যক্তি হলেন- লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকার বাসিন্দা ও যুবদল কর্মী মো. তারেকুল হক।

ফাঁস হওয়া অডিওতে তারেকুলকে বলতে শোনা যায়, ‘লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করব কেন এসেছে। এখানে আরমান সাহেবের কথাই চলবে।’

জবাবে আরমান উদ্দিনকে বলতে শোনা যায়, ‘এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরেও লোকজনের জ্বালায় আসে।’

কথোপকথনের এক পর্যায়ে তারেকুল নামের ওই যুবদল নেতা অস্ত্রশস্ত্র নিয়ে থাকার কথা বললে জবাবে আরমান উদ্দিন বলেন, ‘এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে।’

স্থানীয়দের দাবি, অডিওতে কথা বলা তারেকুল হক লোহাগাড়া এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পাহাড়ের মাটি কাটার সঙ্গে জড়িত একটি প্রভাবশালী চক্রের সঙ্গে সম্পৃক্ত। অপরদিকে, এমপি শাহজাহান চৌধুরীর পিএ আরমান উদ্দিনের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের কাছে বালুমহাল এবং মাটি কাটা নিয়ে প্রভাব খাটানো ও তদবির বাণিজ্যের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, এ ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তবে আরমান নামের ছেলেটি বিভিন্ন ইস্যুতে তার কাছে তদবির করতেন যার প্রমাণ তার হোয়াটসঅ্যাপে সংরক্ষিত রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম অডিওটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুরো বিষয়টি বর্তমানে পুলিশ গুরুত্বের সাথে যাচাই-বাছাই করছে।

এ বিষয়ে জানতে চাইলে পিএ আরমান উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘চৌধুরী সাহেবকে কেন গুলি করতে যাব? আগে আমাকে অডিওটি দেন, তারপর আমি বিষয়টি বলব।’

তবে যুবদল কর্মী মো. তারেকুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট