চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

পেকুয়ায় সংরক্ষিত বনে স্থাপনা নির্মাণের অভিযোগ, বনবিভাগের অভিযান

পেকুয়ায় সংরক্ষিত বনে স্থাপনা নির্মাণের অভিযোগ, বনবিভাগের অভিযান

পেকুয়া সংবাদদাতা

১৭ নভেম্বর, ২০২৬ | ১০:৩২ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় বনবিভাগের সংরক্ষিত রিজার্ভ ভূমি দখল করে চলছিল পাকা বাড়ি নির্মাণ। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কাজ বন্ধ করল বনবিভাগ। এ ঘটনায় জমির মালিকানা নিয়ে প্রবাসী ও বনবিভাগের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে।
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে পেকুয়ার টইটং ইউনিয়নের টইটং বনবিটের গর্জনালিয়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
 
স্থানীয় ও বনবিভাগ জানান, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের আওতাধীন টইটং বনবিটের গর্জনালিয়া পাড়ায় সাবেক ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) জাবের আহমদের ছেলে এবং দক্ষিণ আফ্রিকা প্রবাসী মানিকের বিরুদ্ধে বনবিভাগের সংরক্ষিত জায়গা জবরদখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ ওঠে। গত এক সপ্তাহ ধরে সেখানে জোরেশোরে নির্মাণকাজ চালিয়ে আসছিল তারা। বিষয়টি বনবিভাগের নজরে আসলে টইটং বনবিট কর্মকর্তা আবদুল মোতালেব মোমেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেন।
 
অভিযানের বিষয়ে টইটং বনবিট কর্মকর্তা আবদুল মোতালেব মোমেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে বনবিট কার্যালয়ে প্রয়োজনীয় দলিলপত্র নিয়ে হাজির হওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
 
অপরদিকে অভিযুক্ত প্রবাসী মানিকের পরিবারের দাবি, জায়গাটি তাদের খতিয়ানভুক্ত এবং তারা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছেন। 
 
বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, বিট কর্মকর্তাকে পাঠিয়ে সেখানে অবৈধ নির্মাণকাজ বন্ধ করা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। জায়গাটি বনবিভাগের সংরক্ষিত ভূমি হিসেবে প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট