কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য হাতির পাল। এতে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি)-এর তাৎক্ষণিক পদক্ষেপে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই মাত্র দেড় ঘণ্টার চেষ্টায় হাতিগুলোকে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের থাইংখালী বিটের চোরাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগ জানায়, বনের ভেতর থেকে সাতটি বন্য হাতির একটি পাল লোকালয়ে চলে আসার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ। পরে তার নেতৃত্বে বন বিভাগের কর্মী ও স্থানীয় ইআরটি সদস্যরা সম্মিলিতভাবে হাতিগুলোকে নিরাপদ দূরত্বে রেখে তাড়া করতে থাকেন। দীর্ঘ দেড় ঘণ্টার প্রচেষ্টায় তারা হাতির পালটিকে জনবসতি থেকে অক্ষত অবস্থায় বনের দিকে ফেরত পাঠাতে সক্ষম হন।
থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ বলেন,‘লোকালয়ে হাতি প্রবেশের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বন বিভাগের সহকর্মী ও ইআরটি সদস্যদের সম্মিলিত চেষ্টায় হাতিগুলোর কোনো ক্ষতি না করে এবং স্থানীয়দের জানমাল রক্ষা করে সফলভাবে বনে ফেরত পাঠানো হয়েছে।”
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বন্য হাতির পাল তাদের স্বাভাবিক বিচরণক্ষেত্রের খোঁজে মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। এ সময় আতঙ্কিত না হয়ে হাতির কাছাকাছি যাওয়া বা তাদের উত্ত্যক্ত করা অত্যন্ত বিপজ্জনক। হাতি লোকালয়ে প্রবেশ করলে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি। বন্যপ্রাণী ও মানুষের পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের আরও বেশি সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখার ওপর জোর দেন তিনি।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ


















