চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

এক অ্যাপেই এআইভিত্তিক পরীক্ষার প্রস্তুতি

ফটিকছড়ির চবি শিক্ষার্থীর নতুন উদ্ভাবন

এক অ্যাপেই এআইভিত্তিক পরীক্ষার প্রস্তুতি

নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি

১৭ নভেম্বর, ২০২৬ | ১২:০১ অপরাহ্ণ

প্রযুক্তির সহায়তায় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও আধুনিক করতে ‘পরীক্ষাদাও এআই’ (porikkhadaw AI) নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ প্রযুক্তি উদ্যোক্তা মো. জালাল উদ্দিন। তাঁর তৈরি অ্যাপটি ইতোমধ্যে গুগল প্লে স্টোরে প্রকাশিত হয়েছে। জালাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের বদিউল আলমের ছেলে।

শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিকে প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য করার লক্ষ্যে তৈরি অ্যাপটিতে যুক্ত করা হয়েছে নানা ধরনের সুবিধা। এর মাধ্যমে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা এবং উচ্চমাধ্যমিক, মাধ্যমিক ও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে পারবেন।

শুধু পরীক্ষার প্রস্তুতিই নয়, চাকরিপ্রার্থীদের জন্যও অ্যাপটিতে রাখা হয়েছে প্রয়োজনীয় বেশ কিছু ফিচার। চাকরির বিজ্ঞপ্তি দেখা, সরাসরি আবেদন এবং আবেদনের সর্বশেষ অবস্থা জানার সুযোগ রয়েছে। এছাড়া পরীক্ষার তারিখ, প্রবেশপত্র সংগ্রহসহ প্রয়োজনীয় তথ্য হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে জানানো হবে।

ব্যবহারকারীরা অ্যাপটিতে অসংখ্য মডেল টেস্টে অংশ নিতে পারবেন। পাশাপাশি পরীক্ষার ফলাফল, পড়াশোনার সময় ও অগ্রগতি পর্যেবক্ষণ করা যাবে। নিজের পছন্দ অনুযায়ী প্রশ্ন, সময় ও কঠিনতার মাত্রা নির্ধারণ করে ব্যক্তিগত অনুশীলনী পরীক্ষাও তৈরি করা সম্ভব। এ ছাড়া ধারাবাহিক প্রশ্নোত্তর প্রতিযোগিতার মাধ্যমে নিজের দক্ষতা যাচাই এবং সহপাঠীদের সঙ্গে ছবি, ফাইল ও কণ্ঠবার্তা আদান-প্রদানের সুবিধাও রয়েছে অ্যাপটিতে।

নির্মাতা মো. জালাল উদ্দিন সাংবাদিকদের জানান, বর্তমানে অ্যাপটির বেশ কিছু সুবিধা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ব্যবহারকারীদের চাহিদা ও অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে আরও নতুন সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাঁর।

তিনি আরও জানান, বিশেষ অফার হিসেবে অ্যাপটি ১৫ মাস বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে নিবন্ধন করা ব্যবহারকারীরা তাঁর সঙ্গে যোগাযোগ করলে বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন। নতুন ব্যবহারকারীরা নির্ধারিত প্রচার কোড ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া ব্যক্তিগত আমন্ত্রণ লিংকের মাধ্যমে নতুন ব্যবহারকারী নিবন্ধন করলে আমন্ত্রণকারীও অতিরিক্ত বিনামূল্যে ব্যবহারের মেয়াদ পাবেন।

একজন শিক্ষার্থীর হাত ধরে তৈরি এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের জন্য একই প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের প্রস্তুতি ও এআইভিত্তিক সহায়তা পাওয়ার সুযোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পূর্বকোণ/মিফতা

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট