চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মাতারবাড়ী প্রকল্পের টাকা আত্মসাৎ: সাবেক ডিসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মহেশখালী সংবাদদাতা

১৭ নভেম্বর, ২০২৬ | ১০:৫৫ অপরাহ্ণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ১৭ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই আদেশ দেন।

জানা গেছে, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে দুদক মামলাটি করেছিল। এই মামলায় জামিন বাতিল করে পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই সঙ্গে মামলাটির আসামি কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) রুহুল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, মঙ্গলবার এই মামলার যুক্তিতর্ক শুনানি হয়। এ সময় পাঁচ আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে সাবেক ডিসি রুহুল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত ৩০ নভেম্বর মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন। জামিন বাতিল হয়ে কারাগারে যাওয়া বাকি চার আসামি হলেন আনোয়ারুল ইসলাম, আবুল কাশেম মজুমদার, বশির আহম্মদ ও নুর মোহাম্মদ।

 

কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিন

আদালত সূত্র জানায়, ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রুহুল আমিন কক্সবাজারের জেলা প্রশাসক ছিলেন। ওই সময় মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য মহেশখালী উপজেলায় ১ হাজার ৪১৪ একর জমি অধিগ্রহণ করা হয়। ২০১৪ সালের নভেম্বর মাসে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয় ২৩৭ কোটি টাকা। ওই সময় ২৫টি ‘অস্তিত্বহীন’ চিংড়ি ঘেরের তথ্য দিয়ে প্রায় ৪৬ কোটি ২৪ লাখ ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। এর মধ্যে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নামে ভুয়া চেকের মাধ্যমে উত্তোলন করা হয়। বাকি ২৬ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫ টাকা উত্তোলনের জন্য পাঁচটি চেকও ইস্যু করা হয়।
জানা গেছে, সাগরতীরে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী। এ উপজেলার একটি ইউনিয়ন মাতারবাড়ি, যা মূল উপজেলা থেকেও বিচ্ছিন্ন। এখান থেকেই আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে।

গতি বাড়বে দেশের অর্থনীতিতে। অবশ্য বিদ্যুৎ উৎপাদনের আগেই মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প আলো ছড়াতে শুরু করেছে দুর্গম অঞ্চলটিতে। প্রায় কর্মীর উপস্থিতিতে চলছে মহাযজ্ঞ। বিদ্যুৎ প্রকল্পের মহাযজ্ঞের সঙ্গে বদলে যাচ্ছে এখানকার জীবনযাত্রা। আগে যেখানে ছিল না কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা। পাওয়া যেত না চায়ের দোকান। বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হওয়ার পর সেখানেই গড়ে উঠেছে অসংখ্য খাবার হোটেল। পিছিয়েপড়া অঞ্চলটির জীবনযাত্রায় লেগেছে আধুনিকতার ছোঁয়া।

কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি এই দ্বীপ অঞ্চলেই নির্মাণ হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর, যা মাতারবাড়ির উন্নয়নের গতি আরও বাড়ি দিয়েছে। একটা সময় কক্সবাজার থেকে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে যেখানে যেতে হতো, সেখানেই এখন হবে চার লেনের রাস্তা। এছাড়া ইতোমধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কল্যাণে কোটি টাকা খরচে বড় বড় রাস্তার নির্মাণকাজ শুরু হয়েছে।

 

উল্লেখিত, এই ঘটনায় এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী নামে মাতারবাড়ীর এক ব্যবসায়ী ২০১৪ সালের ২০ নভেম্বর তখনকার জেলা প্রশাসক মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ করেন। এরপর আদালতের আদেশে দুদক এ বিষয়ে তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে ২০১৭ সালের ৩ এপ্রিল রুহুল আমিনসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এতে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা ক্ষতিপূরণের নামে ভুয়া চেকের মাধ্যমে আসামিরা পরস্পর যোগসাজশে উত্তোলন করা হয়েছে বলা হয়। এরপর জেলা প্রশাসকসহ কয়েকজন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে যান। পরে তাঁরা জামিনে মুক্তি পান। ২০১৯ সালের ১৬ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসকসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়।

 

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পরস্পরের যোগসাজশে অস্তিত্বহীন চিংড়িঘেরের ক্ষতিপূরণের নামে ভুয়া চেকের মাধ্যমে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্তে বিষয়টি উঠে আসে’। 

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট