বিশ্ব হেপাটাইটিস টেস্টিং সপ্তাহ-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের দুটি নার্সিং প্রতিষ্ঠানে দিনব্যাপী হেপাটাইটিস সচেতনতামূলক সেমিনার, বিনামূল্যে রক্ত পরীক্ষা (স্ক্রিনিং) ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে নগরীর হলি নার্সিং কলেজ এবং ডা. উম্মে সালমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির আওতায় ৩৫০ জনেরও বেশি নার্সিং শিক্ষার্থীর বিনামূল্যে হেপাটাইটিস বি ও সি স্ক্রিনিং করা হয়। এছাড়া স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ২৩০ জনের অধিক শিক্ষার্থীর মাঝে স্বল্পমূল্যে হেপাটাইটিস বি টিকা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের প্রধান এবং লিভার কেয়ার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ।
সেমিনারে অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ হেপাটাইটিস বি ও সি-এর সংক্রমণের কারণ, লক্ষণ, প্রতিরোধের উপায় এবং সময়মতো পরীক্ষা ও চিকিৎসার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। হেপাটাইটিস নিয়ে সমাজে প্রচলিত নানা ভুল ধারণা ও কুসংস্কার দূর করতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ স্বাস্থ্যসেবাকর্মী হিসেবে নার্সিং শিক্ষার্থীদের পেশাগত জীবনে সংক্রমণ প্রতিরোধ এবং নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিজের সুরক্ষা বা টিকা গ্রহণ অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হলি নার্সিং কলেজের প্রিন্সিপাল ছবি বড়ুয়া, লিভার কেয়ার সোসাইটির দপ্তর সম্পাদক মোহাম্মদ আইয়ুব, অফিস এক্সিকিউটিভ মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সোসাইটির স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্ম ও ভবিষ্যৎ স্বাস্থ্যকর্মীদের মধ্যে হেপাটাইটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে সংক্রমণ শনাক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০৩০ সালের মধ্যে ভাইরাল হেপাটাইটিস নির্মূলের লক্ষ্যমাত্রা অর্জনে লিভার কেয়ার সোসাইটি নিয়মিত জনসচেতনতা, পরীক্ষা ও চিকিৎসাসেবা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
পূর্বকোণ/মিফতা

















