কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচারকালে মাটিভর্তি একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযানের টের পেয়ে পালিয়ে গেছে চিহ্নিত পাহাড়খেকো চক্র।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল তিনটার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের থাইংখালী বনবিটের ওমর আলী ঘোনা এলাকায় এ অভিযান চালায়।
বন বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে উখিয়ার চিহ্নিত পাহাড়খেকো শাহাবুদ্দিন রোহিঙ্গা শ্রমিকদের ব্যবহার করে সরকারি বনভূমির পাহাড় কেটে মাটি পাচার করে আসছিলেন। স্থানীয় বন বিভাগকে নানাভাবে হুমকি ও ক্ষমতার দাপট দেখিয়ে এ অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন তিনি। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে বন বিভাগের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় হাতেনাতে মাটিভর্তি একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন,‘সরকারি বনভূমি এবং পাহাড় রক্ষায় বন বিভাগ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাহাড়ে অবৈধ দখল ও মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে অন্যান্যের মধ্যে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, বনকর্মী আব্দুল কাইয়ুম, মুহিব ইলিয়াস ও আলীসহ বন বিভাগের একটি দল অংশ নেয়।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ


















