কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী পালংখালী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই অভিযানে দুই রোহিঙ্গাকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। অভিযান থেকে জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ৬৪ বিজিবি’র পালংখালী বিওপির একটি টহল দল মিয়ানমার সীমান্ত এলাকায় মিজানের ঘের এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি’র বাসিন্দা মো. মোক্তার হোসেনের ছেলে মো. জোবায়ের (২০) এবং কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের ব্লক-ই’র বাসিন্দা মো. ওলি হোসেনের ছেলে রহিম মোল্লা (২৮)।
এ ঘটনায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে পালংখালী বিওপি’র টহল দল নিয়মিত দায়িত্ব পালনের সময় মিয়ানমার সীমান্ত দিক থেকে দুই ব্যক্তিকে পোটলা হাতে সন্দেহজনকভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। এ সময় বিজিবি সদস্যরা তাদের তল্লাশি নিতে চাইলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, পরবর্তীতে আটককৃতদের তল্লাশি করে তিনটি পোটলা থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪টি কার্টুনে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে বহনের কথা স্বীকার করেছে।
মাদক চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে উল্লেখ করে ব্যাটালিয়নের অধিনায়ক জানান, এই মাদক কারবারের মূল হোতা এবং জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ


















