২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তিনি কঠোর অবস্থান নিয়েছিলেন। তার নির্দেশে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। এসব হামলায় তিনি অর্থ ও অস্ত্রের জোগান দিয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়।
এছাড়া সরকার পতনের পরও তিনি ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে ঝটিকা মিছিলের আয়োজন করেন বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলেও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড প্রয়োজন বলে জানান তদন্ত কর্মকর্তা।
উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল।
এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কয়েকটি গাড়িতে করে সাঈদ খোকনকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। তার আদালতে হাজির হওয়ার খবর ছড়িয়ে পড়লে সেখানে গণমাধ্যমকর্মীদের ভিড় বাড়তে থাকে। এ সময় বিএনপিপন্থী আইনজীবীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। এর আগে সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবর পেয়ে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা ঝাড়ু হাতে আদালত চত্বরে অবস্থান নেন। বিকেলে তারা ঝাড়ু উঁচিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করা হয়। পরে এসআরবি তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি মিছিলে অংশ নেওয়া আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৭৬ জনকে আসামি করা হয়। এই মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি সাঈদ খোকন।
পূর্বকোণ/রাকিব/পারভেজ


















