চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

৮ লাখ টাকা জরিমানা দিয়ে আদালত থেকে মুক্ত চৌরঙ্গী’র মালিক

৮ লাখ টাকা জরিমানা দিয়ে আদালত থেকে মুক্ত চৌরঙ্গী’র মালিক

কক্সবাজার সংবাদদাতা

১৭ নভেম্বর, ২০২৬ | ৮:০২ অপরাহ্ণ

কক্সবাজার শহরে অননুমোদিত ক্ষতিকর রাসায়নিক ব্যবহার ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় অপরাধ স্বীকার করেছেন ‘চৌরঙ্গী বেকারী’র স্বত্বাধিকারী। 
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) নির্ধারিত দিনে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে বিজ্ঞ আদালতে সশরীরে উপস্থিত হয়ে আত্মসমর্পণ ও জামিনের আবেদন জানান চৌরঙ্গী বেকারী’র মালিক মোহাম্মদ আলী। এ সময় তিনি নিজের দোষ স্বীকার করে দ্রুত মামলাটি নিষ্পত্তির অনুরোধ জানান।
 
আদালত সূত্র জানায়, কক্সবাজার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে ‘চৌরঙ্গী বেকারী’ এবং ‘কাসুন্দী রেস্তোরাঁ’র বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে পৃথক দুটি প্রসিকিউশন দাখিল করা হয়েছিল। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।
 
আদালতে বিচারক সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে তার দোষ স্বীকারের ভিত্তিতে ৮ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। নির্ধারিত জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় আদালত থেকে অব্যাহতি পেয়েছেন তিনি।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট