চট্টগ্রামের বোয়ালখালীতে ছুরি ঠেকিয়ে এক ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার মো. আসিফের খরণদ্বীপ স্কুল এলাকায় মোবাইল ব্যাংককিং এজেন্টের দোকান রয়েছে। আসিফ উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোবহান চৌধুরীর বাড়ির মোহাম্মদ আশরাফের ছেলে আসিফ।
তিনি জানান, শ্রীপুর বুড়া মসজিদ থেকে গাড়ি না পেয়ে হেঁটেই নানার বাড়িতে যাচ্ছিলেন। শান্তি বাজার পার হয়ে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা দুই যুবক তার পথরোধ করেন। এসময় ওই দুই যুবক ছুরি ঠেকিয়ে পকেটে থাকা টাকা কেড়ে নেয়। এতে বাধা দিলে মারধর করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। তাদের মুখ মাফলার দিয়ে ঢাকা ছিলো।
আসিফ আরও বলেন, চার-পাঁচ মাস আগে নতুন দোকান দিয়ে বিকাশের ব্যবসা শুরু করেছেন। সারাদিনের লেনদেনের পুরো টাকাই পকেটে ছিল। ছিনতাইকারীরা সব টাকা নিয়ে গেছে।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, বিষয়টি জানার সাথে সাথেই থানা-পুলিশকে অবহিত করেছি। বখাটে ও মাদকসেবী যুবক এ ঘটনায় জড়িত থাকতে পারে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/পিআর

















