চট্টগ্রাম বন্দরে আমদানি করা পণ্য খালাস প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সরকারি উদ্যোগের মধ্যেই কাস্টমসের নতুন ১৪ নির্দেশনা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে ব্যবসায়ী মহলে। এসব নির্দেশনার কারণে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা, প্রশাসনিক জটিলতা ও ব্যয় বৃদ্ধির আশঙ্কা করছেন আমদানিকারক ও বন্দর ব্যবহারকারীরা। তাঁদের অভিযোগ, নতুন নির্দেশনার কয়েকটি বিষয় কাস্টমসের আগের স্থায়ী আদেশের সঙ্গে সাংঘর্ষিক। এতে পরীক্ষণ ও শুল্কায়ন বিভাগের দায়িত্ব নিয়েও বিভ্রান্তি তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার বিকেলে নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জরুরি সভা ডেকেছে পোর্ট ইউজার্স ফোরাম।
জানা গেছে, গত ২ নভেম্বর চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহা. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে কায়িক পরীক্ষণের জন্য ১৪টি নির্দেশনা জারি করা হয়। নতুন নির্দেশনার ৯ ও ১৪ নম্বর ধারায় শুল্কায়ন বিভাগের কাজের সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিষয় পরীক্ষণ জোনের ওপর ন্যস্ত করা হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।
চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন ও চেম্বারের চিঠি অনুযায়ী, কাস্টমসের ১৭ জুন ২০২১ সালের স্থায়ী আদেশ এবং ৪ নভেম্বর ২০১৮ সালের অফিস আদেশে কায়িক পরীক্ষার প্রতিবেদনে পণ্যের এইচএস কোড ও মূল্য বিষয়ে মতামত দেওয়ার এখতিয়ার পরীক্ষণ কর্মকর্তাদের নেই বলে উল্লেখ রয়েছে। একই ধরনের নির্দেশনা ছিল ২০১২ সালের ৩ এপ্রিল অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সভার সিদ্ধান্তেও। ফলে নতুন আদেশের সঙ্গে আগের নির্দেশনাগুলোর সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক কাস্টমস কমিশনারকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছেন, নতুন ১৪ নির্দেশনা পণ্য খালাস প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে পারে। এতে আমদানিকারকদের ডেমারেজ ও জরিমানার ব্যয় বাড়বে। শেষ পর্যন্ত এর নেতিবাচক প্রভাব পড়তে পারে ভোক্তা ও রপ্তানি খাতেও।
অন্যদিকে, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী বলেন, নতুন আদেশের ১৪ নম্বর ধারায় সিএন্ডএফ এজেন্টের স্বাক্ষর না নেওয়ার ক্ষেত্রে শাস্তিমূলক ভাষা ব্যবহার করা হয়েছে। এতে মাঠপর্যায়ে কর্মকর্তাদের ভিন্ন ব্যাখ্যার সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি সিএন্ডএফ এজেন্টদের হয়রানির আশঙ্কাও রয়েছে।
ব্যবসায়ী নেতারা বলছেন, গত ১১ আগস্ট অর্থ ও পরিকল্পনামন্ত্রী চট্টগ্রাম বন্দর সম্মেলন কক্ষে এনবিআর ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যবসা পরিচালনার ব্যয় কমানো এবং প্রশাসনিক দীর্ঘসূত্রিতা হ্রাসের নির্দেশনা দিয়েছিলেন। অথচ এর বিপরীতে নতুন নির্দেশনা জারির ফলে ব্যবসা সহজীকরণের সরকারি উদ্যোগের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে, এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে কোন সুরহা না হওয়ায় আজ মঙ্গলবার বিকেলে নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে জরুরি সভা ডেকেছে বন্দর ব্যবহারকারীদের সংগঠন পোর্ট ইউজার্স ফোরাম। এতে ফোরামের আওতাধীন সদস্য সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন। সভায় নতুন নির্দেশনাগুলোর প্রভাব, ব্যবসায়ীদের আপত্তি এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠক থেকে যৌথ কর্মসূচির বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসব বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, ‘ব্যবসায়ীদের কিছু বিষয়ে আপত্তি রয়েছে। তবে ব্যবসা সহজীকরণের জন্য ইতোমধ্যে এ নিয়ে আলোচনা চলছে। সবকিছুর ঊর্ধ্বে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা। আমরা চাই, আলোচনার মধ্য দিয়েই ইতিবাচক কিছু বেরিয়ে আসবে।’
পূর্বকোণ/মিফতা

















