চট্টগ্রাম সিটি কলেজে ভর্তির কাগজপত্র জমা দিতে যাওয়ার পথে উল্টোতে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত কলেজছাত্রী। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে (লাইফ সাপোর্টে) রয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আনোয়ারা উপজেলার ব্যস্ততম চাতরী চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী নাম দিলশাদ (২১)। তিনি পটিয়া উপজেলার বাসিন্দা প্রয়াত আনিসুজ্জামান ও রিজিয়া বেগম দম্পতির মেয়ে। তবে তিনি আনোয়ারার উত্তর চাতরী চৌমুহনী এলাকায় নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন।
পরিবার ও স্থানীয়রা জানান, সোমবার তারা নানাবাড়িতে বেড়াতে এসেছিলেন। পূর্বনির্ধারিত সিডিউল অনুযায়ী মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি কলেজে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বাসা থেকে বের হন দিলশাদ। চাতরী চৌমুহনী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ও উল্টোপথে দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আঘাত পান।
পরে স্থানীয় লোকজন তাকে রক্তমাখা অবস্থায় উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে চট্টগ্রাম শহরের উন্নত হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি তিনি জেনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

















