চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রাউজানে সড়কে টায়ার জ্বালিয়ে-ককটেল বিস্ফোরণে নাশকতার চেষ্টা 

রাউজানে সড়কে টায়ার জ্বালিয়ে-ককটেল বিস্ফোরণে নাশকতার চেষ্টা 

রাউজান সংবাদদাতা

১৭ নভেম্বর, ২০২৬ | ১১:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাউজানে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
 
 
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর চট্টগ্রাম-রাঙমাটি সড়কের রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সর্তারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
 
 
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ফাঁকা গুলি ছোড়ার অভিযোগও পাওয়া গেছে। পরে একটি গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
 
 
খবর পেয়ে রাউজান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন। পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
 
 
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় যুবদলের নেতাকর্মীরাও এগিয়ে আসেন। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেন। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
 
 
স্থানীয় যুবদল নেতা শাহাজান সাহিল ও শাহাদাত মিজা বলেন, দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে গাড়িতে করে পালিয়ে যায়। খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেন।
 
 
এদিকে স্থানীয় রাজনৈতিক নেতাদের দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগে অংগ সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে।’
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট