চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৬

টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৬

টেকনাফ সংবাদদাতা

২৩ জুন, ২০২৬ | ৮:৫৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের দুই এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কের হ্নীলা ও দমদমিয়া এলাকায় এ সব দুর্ঘটনা ঘটে।

 

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হ্নীলা নাটমুরাপাড়া এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। কানজর পাড়া এলাকা থেকে টমটম (অটোরিকশা) যোগে কলেজে যাওয়ার সময় অন্য একটি দ্রুতগামী টমটমের জন্য চালক ব্রেক করলে ইজিবাইকটি উল্টে যায়। এতে কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী হেলাল উদ্দিন (১৯) ও সুমাইয়া আক্তার (১৮) গুরুতর আহত হন।

 

চিকিৎসক সূত্রে জানা গেছে, সুমাইয়ার পায়ের হাড় ভেঙে গেছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়েছে।

 

কলেজের অধ্যক্ষ আ.ন.ম তাওহীদুল মাশেক জানান, সুমাইয়ার অপারেশন প্রয়োজন এবং দ্রুত সুস্থ না হলে তার পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়বে।

 

এদিকে দুপুর ১২টার দিকে টেকনাফের দমদমিয়া কেয়ারি গার্ড সংলগ্ন ব্রিজ এলাকায় ‘পায়রা সার্ভিস’-এর একটি যাত্রীবাহী বাস (কক্সবাজার জ-১১-০২৩২) নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়।

 

প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি বেপরোয়া গতিতে ছিল এবং এটি চালাচ্ছিলেন বাসের হেলপার। ১৬ জন যাত্রী নিয়ে ঘটা এই দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের দুইজন রোহিঙ্গা এবং টেকনাফের দমদমিয়া এলাকার দুইজন স্থানীয় বাসিন্দা রয়েছেন।

 

দুর্ঘটনার খবর পেয়ে বিজিবি, ফায়ার সার্ভিস এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের জানালা ভেঙে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট