কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর একটি মিছিল শেষে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে ওই সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে- এমন অভিযোগ পাওয়া গেছে।
মারধরের শিকার সাংবাদিক মাহফুজুর রহমান শিশির দৈনিক সকালের রিপোর্টার। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোন ওই এলাকায় মিছিলের আয়োজন করে। মিছিলে জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান, জাহিনুর রহমানসহ অন্যান্য নেতারা অংশ নেন। মিছিল শেষে ব্রিফিং চলাকালে কয়েকজন জামায়াত কর্মী এক সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করেন।
মিছিল শেষে বিফ্রিং চলাকালে সাংবাদিকদের সিনিয়র একজনকে কথা বলার জন্য বলা হয়। এসময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সাংবাদিকদের আওয়ামী লীগের দোসর বলে ট্যাগ করেন। বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রতিবাদ জানালে জামায়াতের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে সাংবাদিকদের ওপর হামলা চালান।
এ বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদের সদস্য মুজিবুর রহমান খান সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে অনাকাঙ্ক্ষিত জানিয়ে বলেন, আমাদের কর্মসূচিতে বহিরাগতরাও ঢুকে গিয়ে এমন কাজ করতে পারে।
পূর্বকোণ/আদর















