চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সর্বশেষ:

বান্দরবানে পর্যটনকেন্দ্র বন্ধের ভুয়া বিজ্ঞপ্তি, নড়েচড়ে বসেছে প্রশাসন

বান্দরবানে পর্যটনকেন্দ্র বন্ধের ভুয়া বিজ্ঞপ্তি, নড়েচড়ে বসেছে প্রশাসন

বান্দরবান প্রতিনিধি

২৩ জুন, ২০২৬ | ১২:৪২ অপরাহ্ণ

বান্দরবানের রুমা ও থানচির সীমান্ত এলাকায় নতুন একটি সশস্ত্র গ্রুপের তৎপরতাকে কেন্দ্র করে পর্যটনকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার একটি ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে প্রশাসন নড়েচড়ে বসেছে।

 

সোমবার (২২ জুন) কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বান্দরবানের রুমা উপজেলার পর্যটনকেন্দ্র বগালেক, কেওক্রাডং ও থানচির তিন্দু রেমাক্রি বন্ধ করে দেওয়ার জেলা প্রশাসনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে এটি নিয়ে প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যেও বিভ্রান্তি দেখা দেয়।

 

এ ঘটনার পর মঙ্গলবার জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটনকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি প্রশাসন থেকে। এছাড়া ভুয়া বিজ্ঞপ্তিতে সাজ্জাদ হোসেন নামের যে কর্মকর্তার স্বাক্ষর রয়েছে এই নামে কোন কর্মকর্তা জেলা প্রশাসনে কর্মরত নেই।

 

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি বান্দরবানের থানচি সীমান্ত সংলগ্ন মিয়ানমারের চিন এস্টেটের একটি সশস্ত্র বিদ্রোহী গ্রুপ বান্দরবানের দুর্গম এলাকায় তৎপরতা চালাচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার প্রশাসনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এই বিজ্ঞপ্তি নিয়ে পর্যটক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালেই জেলা প্রশাসক ফেসবুকে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি ভুয়া উল্লেখ করে একটি গণ বিজ্ঞপ্তি জারি করেন।

 

জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস জানিয়েছেন, বান্দরবানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পর্যটকরা বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে পারছেন। পর্যটকদের নিরাপত্তায় প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট