রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নে একটি বসতবাড়ি থেকে সাত ফুট দৈর্ঘ্যের একটি সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথন (জালি অজগর) উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।
বুধবার (২৩ জুন) সকাল ১১টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তাদের উপস্থিতিতে সাপটি অবমুক্ত করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিৎমরম ইউনিয়নের মুসলিম পাড়ার একটি বসতবাড়িতে অজগরটি দেখতে পেয়ে স্থানীয়রা ‘জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ’-এর চিৎমরম ইউনিয়ন ‘প্রকৃতির দলকে’ খবর দেয়। প্রকৃতির দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিপন্ন প্রজাতির এই রেটিকুলেটেড পাইথনটি অক্ষত অবস্থায় উদ্ধার করে কাপ্তাই বন বিভাগ রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন। পরবর্তীতে সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়া হয়।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান জানান, চিৎমরম মুসলিম পাড়ার একটি বাসা থেকে সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথনটি উদ্ধার করে অফিসে আনা হলে আমরা সেটিকে গভীর জঙ্গলে অবমুক্ত করি। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। গত দেড় মাসে আমরা প্রায় ১৮টি সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।”
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের কর্মকর্তারা জানান, স্থানীয় জনগণের সচেতনতা এবং প্রকৃতির দলের তাৎক্ষণিক পদক্ষেপের কারণেই সাপটিকে কোনো ক্ষতি ছাড়াই উদ্ধার করা সম্ভব হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে এই ধরনের সম্মিলিত প্রচেষ্টা প্রশংসনীয়।
পূর্বকোণ/পিআর















