ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল কক্সবাজার জেলার সামগ্রিক পরিবর্তনের লক্ষ্যে ৮টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছেন।
সোমবার (২২ জুন) সংসদে দেওয়া বক্তব্যে তিনি গুরুত্বারোপ করেন যে, কক্সবাজারকে কেবল পর্যটন শহর হিসেবে সীমাবদ্ধ না রেখে জাতীয় অর্থনৈতিক স্বার্থে একটি ‘সমন্বিত সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চল’ (Integrated Maritime Economic Zone) হিসেবে গড়ে তুলতে হবে।
এমপি কাজলের উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ব্লু-ইকোনমি ও সমুদ্র বিজ্ঞান ভিত্তিক একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা। এছাড়া, লবণ চাষীদের স্বার্থ রক্ষায় একটি স্বতন্ত্র ‘লবণ বোর্ড’ গঠন এবং পর্যটন খাতে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর প্রস্তাব দেন তিনি।
যোগাযোগ ও প্রশাসনিক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে তিনি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ, ফতেখাঁরকুলকে পৌরসভা এবং নতুন ‘বাঁকখালী উপজেলা’ গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের দাবি জানান। সেই সঙ্গে নবগঠিত ঈদগাঁও উপজেলার প্রশাসনিক ভবন ও স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ এবং কক্সবাজার সিটি কলেজ ও ঈদগাঁও রশিদ আহমেদ কলেজকে সরকারি করার দাবিও তাঁর বক্তব্যে উঠে আসে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, এমপি কাজলের এই দূরদর্শী দাবিগুলো বাস্তবায়িত হলে কক্সবাজার দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক হাবে পরিণত হবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















