চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি পুলিশ ফাঁড়ির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া জান্নাত বাঁশখালীর পুঁইছড়ি ২ নম্বর ওয়ার্ড আরবশাহ ঘোনা এলাকার মাওলানা আরিফুর রহমান মেয়ে এবং চট্টগ্রাম মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্টগ্রামগামী পূরবী বাস ও কক্সবাজারগামী ইম্পেরিয়াল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পূরবী বাসটি সড়কের পাশে পড়ে যায়। এতে পূরবী বাসে থাকা চট্টগ্রাম মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জান্নাত গুরুতর আহত হন। এলাকার লোকজন তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া ট্রমা সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইমুন সিরাজ জানান, এখানে আসার আগেই মহিলার মৃত্যু হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/মিনহাজ/এএইচ
















