প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করেছেন, যা দুই দেশের সম্পর্কের গভীরতার প্রতিফলন।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, আসিয়ানের (এএসইএএন) সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বাড়াতে বর্তমান সরকার অত্যন্ত আগ্রহী এবং এ ক্ষেত্রে মালয়েশিয়ার সমর্থন পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মালয়েশিয়া সফরে ডিজিটাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর, হালাল শিল্প, শিক্ষা, পর্যটন, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন খাতে অগ্রগতির ভিত্তি তৈরি হয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানেও মালয়েশিয়ার সম্পৃক্ততা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হবে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, বর্তমানে সরকারি গুদামে ২১ লাখ ২১ হাজার ৫৯৮ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে, যা নিরাপদ মজুদের চেয়ে প্রায় ৭ লাখ ৭১ হাজার মেট্রিক টন বেশি। মে মাসে ২ হাজার ৩৭৪টি খাদ্য নমুনা পরীক্ষা করে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ৬০০ কোটি টাকায় পৌঁছেছে, যা অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে।
তিনি জানান, দেশের সব জেলা রেল যোগাযোগের আওতায় আনতে শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুরে নতুন রেলপথ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন শুরু হতে পারে। নির্বাচন শুরু হওয়ার পরবর্তী এক বছরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।
সড়ক নিরাপত্তা জোরদারে সব গণপরিবহণে জিপিএস সংযুক্তি বাধ্যতামূলক করার সিদ্ধান্তের কথাও জানান তিনি। একই সঙ্গে দেশের নদী ও খাল খননের ১৮০ দিনের কর্মসূচির ৭৫ শতাংশ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন।
তিনি আরও জানান, গণমাধ্যম খাতের অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি স্বাধীন মিডিয়া কমিশন গঠনের বিষয়ে নীতিগত ঐকমত্য তৈরি হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসিন।
পূর্বকোণ/এএইচ















