সাফ চ্যাম্পিয়নশিপ ও নেতৃত্বের অভিষেক গোল দিয়ে রাঙালেন হামজা চৌধুরী। এর আগে জালের দেখা পেলেন শমিত সোম। প্রথমবার সাফ খেলতে নামা ফারহান আলী ওয়াহিদও উপহার দিলেন চোখ জুড়ানো গোল। শেষ দিকে আলো ছড়ালেন রাকিব হোসেন। চার তারকার নৈপুণ্যে উড়ল বাংলাদেশ। গ্রুপসেরা হয়ে উঠল সেমি-ফাইনালে।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে বুধবার সাফ ‘এ’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে, গ্রুপসেরা হয়ে সেরা চারের মঞ্চে উঠেছে টমাস ডুলির দল।
এই ম্যাচের ফলের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে হেরে সাফ শুরু করা ভুটানও। বড় ব্যবধানে শ্রীলঙ্কা হারায় তারা গ্রুপ রানার্সআপ হয়ে উঠল সেমি-ফাইনালে মঞ্চে। ভুটানের সমান পয়েন্ট সত্ত্বেও গোল পার্থক্যে পিছিয়ে ছিটকে গেল শ্রীলঙ্কা।
চূড়ান্ত হল সেমি-ফাইনালের লাইন-আপ। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে ভুটান। বাংলাদেশ লড়বে ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের।
আগের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন আনেন কোচ টমাস ডুলি। অনুমিতভাবে হামজাকে খেলান শুরু থেকে। তার সঙ্গে ফেরেন ফারহান ও মোহাম্মদ ইব্রাহিম। বেঞ্চে জায়গা হয় জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদ ফাহিমের। চোটে ছিটকে যান বিশ্বনাথ ঘোষ।
হামজার উপস্থিতিতে উজ্জীবিত বাংলাদেশ শুরু থেকে মেলে আক্রমণাত্মক ফুটবলের পসরা। ষষ্ঠ মিনিটে বক্সের একটু বাইরে হামজার ফ্রি কিক ক্রসবারের একটু উপর দিয়ে বেরিয়ে যায়। বক্সের বাইরে রাকিব হোসেন ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় বাংলাদেশ।
দুই মিনিট পরই এগিয়ে যাওয়ার উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। হামজার ক্রসে গোলকিপার লাফিয়ে পাঞ্চ করার পর বল চলে যায় বক্সে থাকা শমিতের কাছে। কানাডা প্রবাসী এই মিডফিল্ডারের প্রথম শট এক ডিফেন্ডার ঠেকানোর পর, ফিরতি শটে খুঁজে নেন জাল। জাতীয় দলের হয়ে এটি তার দ্বিতীয় গোল।
একাদশ মিনিটে আদাভান রাজমোহন পায়ের কারিকুরিতে রাকিবকে কাটিয়ে বক্সে ঢুকে শট নেন। দ্রুত পা চালিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন শমিত। এর আগে পরে সবশেষ ২০০৩ সালে শিরোপা জেতা বাংলাদেশের রক্ষণে খুব বেশি ভীতি ছড়াতে পারেনি শ্রীলঙ্কা।
২৫তম মিনিটে দুর্দান্ত একটি গোল পেতে পারতেন হামজা। সতীর্থের লং পাস হেডে হামজাকে বাড়িয়ে দিয়েছিলেন রাকিব। আগুয়ান গোলরক্ষক বলের নাগাল পাওয়ার আগে প্রথম স্পর্শে বল বের করে নেন হামজা, এরপর তার ব্যাক হিলে বল উপরের জাল কাঁপায়।
এরপর দুই দলের খেলায় গতি কমে কিছুটা। ব্যবধান বাড়াতে মরিয়া ছিল না বাংলাদেশ। তেড়েফুঁড়ে উপরে না উঠলেও ৪১তম মিনিটে অবশ্য ভালো সুযোগ পায় শ্রীলঙ্কা। কিন্তু ডিলন ডি সিলভার আড়াআড়ি ক্রসে গোলমুখের সামনে দিয়ে বেরিয়ে যায়, কেউ পারেনি পা ছোঁয়াতে।
একটু পরই গোলের আনন্দে ফের উত্তাল হয়ে ওঠে গ্যালারি। ইব্রাহিমের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে জোরাল শট নেন হামজা। বল গোলকিপারের পায়ে লেগে, ক্রসবারের ভেতরের দিক স্পর্শ করে জালে জড়ায়। লাল-সবুজের জার্সিতে হামজার এটি পঞ্চম গোল।
একক প্রচেষ্টার অসাধারণ গোলে ৫৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ান ফারহান। বাম দিক দিয়ে বক্সে ঢুকে ড্রিবলিং করে একে-এক তিন ডিফেন্ডারকে ছিটকে দিয়ে, ডান পায়ের নিখুঁত শটে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন ইংল্যান্ড প্রবাসী এই ফরোয়ার্ড। বাংলাদেশের হয়ে এ নিয়ে দ্বিতীয় গোল পেলেন ফারহান।
একটু পর একসাথে তিনটি পরিবর্তন আনেন ডুলি। ফারহান, কাজী তারিক রায়হান ও ইব্রাহিমকে তুলে শুকি ইতোফুসা, মোহাম্মদ হৃদয় ও ফাহিমকে নামান। ৭০তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে উঠে কাছের পোস্টেই জোরাল শট নেন ইতোফুসা, বল গোলকিপারের পায়ে লেগে বাইরে যায়। অন্য প্রান্তে ফাহিম থাকলেও তিনি পাননি বলের নাগাল।
পরের মিনিটে গোলের সুযোগ পান ফাহিমও। কিন্তু গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদের চেষ্টা সফল হয়নি তার। দূরের পোস্টে চেষ্টা করলে গোল হয়ত পেতেও পারতেন এই ফরোয়ার্ড। ৮৬তম মিনিটে বক্সের বাইরে থেকে ইতোফুসার জোরাল নিচু শটে কর্নার করে দেন গোলকিপার।
দুই মিনিট পর বাংলাদেশ ব্যবধান আরও বাড়িয়ে নেয় রাকিবের গোলে। পাল্টা আক্রমণে বল পেয়ে গোলকিপারকে একা পেয়ে যান এই ফরোয়ার্ড। নিখুঁত চিপ শটে খুঁজে নেন ঠিকানা। তাতে সাফে শ্রীলঙ্কার বিপক্ষে টানা তৃতীয় জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।
পূর্বকোণ/আরআর



















