ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলেছিলেন তাওহীদ হৃদয়। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই প্রথম ডাবল সেঞ্চুরি করে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং অর্জন করলেন তিনি।
২৫ বছর বয়সী ডানহাতি ব্যাটার প্রথম ইনিংসে ২৪২ রানের অনবদ্য ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে করেন ৮২ রান। এই ইনিংস খেলার পথে মুশফিকুর রহিমের ২১৯ রানের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভাঙেন হৃদয়।
এই ম্যাচের আগে র্যাঙ্কিংয়ে একশ জনের বাইরে ছিলেন হৃদয়। অবিশ্বাস্য দুটি ইনিংস খেলে টেস্ট ব্যাটার র্যাঙ্কিংয়ে ১১৫ ধাপ লাফ দিলেন বাংলাদেশের ব্যাটার। ৫১১ রেটিং পয়েন্ট নিয়ে ৬০ নম্বরে অবস্থান করছেন তিনি।
এর আগে তিন বাংলাদেশি ক্রিকেটারের ব্যাটে পাঁচটি ডাবল সেঞ্চুরি হয়েছিল। তাদের মধ্যে মুশফিকুর রহিম তিনটি, সাকিব আল হাসান ও তামিম ইকবাল করেন একটি করে। দ্বিশতকের এলিট তালিকায় নতুন নাম হৃদয়। প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও সর্বোচ্চ রান করেন।
সিলেট টেস্টের আগে টেস্ট ক্যারিয়ারের চার ইনিংসে ৫৪ রান করেছিলেন হৃদয়। সিলেটে নিজেকে নতুনভাবে চেনান তিনি। ঢাকা টেস্টে প্রশ্নবিদ্ধভাবে উইকেট বিলিয়ে দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন হৃদয়। টেস্ট দলে তার জায়গা নিয়েও কম আলোচনা হয়নি। সেই হৃদয় যেন হৃদয় জুড়ানো এক ইনিংসে সব ভুলিয়ে দেন।
হৃদয়ের ডাবল সেঞ্চুরির ইনিংসটা অনেক কারণেই বিশেষ হয়ে থাকবে। সিলেটে যখন ব্যাট করতে নেমেছিলেন তখন বাংলাদেশের স্কোরবোর্ডে ২ উইকেটে ২২ রান ছিল। ইনজুরিতে ছিটকে যাওয়ায় ব্যাট করতে পারেননি ওপেনার সাদমান ইসলাম। একে একে অন্য সতীর্থরা বিদায় নিতে থাকলে হৃদয় লেজের দিকের ব্যাটারদের নিয়ে একা লড়ে যান।
টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটার মুশফিক। তিনি ২২ নম্বরেই আছেন। ছয় ধাপ নেমে ৩২তম স্থানে নাজমুল হোসেন শান্ত। লিটন দাস ঠিক তার পরের স্থানে। মুমিনুল এক ধাপ নেমে ৩৮তম।
পূর্বকোণ/প্রান্ত/পারভেজ




















