বরিশাল নগরীতে সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর কলেজ রোড সংলগ্ন বৈদ্যপাড়া এলাকার নাসির উদ্দিন সড়কে অবস্থিত তহুরা মঞ্জিল নামের ওই বাসভবনে এ ঘটনা ঘটে। হামলা ও অগ্নিসংযোগে তিনতলা ভবনটির নিচতলার একটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে এবং জানালার কাচ ভাঙচুর করা হয়েছে। পরে ভবনের নিচতলার একটি কক্ষে আগুন দেওয়া হয়। আগুনে ওই কক্ষের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল বাসভবনটিতে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। এ সময় ভবনের জানালার কাচ ভাঙচুর করা হয়। একপর্যায়ে নিচতলার একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওই বাসভবনে জিয়াউল আহসানের ছোট ভাই, বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না। বর্তমানে জিয়াউল আহসান কারাগারে রয়েছেন এবং বাসাটিতে ভাড়াটিয়ারা বসবাস করছেন। স্থানীয় বাসিন্দা আহমেদ মিয়া জানিয়েছেন, একদল লোক হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছেন। এতে ভবনের নিচতলার জিনিসপত্র পুড়ে যায়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘কে বা কারা ওই ভবনের নিচতলার একটি কক্ষে আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয় লোকজন। একই সময় বরিশাল দমকল ইউনিটের গাড়িও সেখানে গিয়ে আগুন নেভানো দেখে তারাও ফিরে আসে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
এদিকে বুধবার রাতে কে বা কারা বরিশাল নগরীর আদম আলী হাজির গলি এলাকায় জাহাঙ্গীর কবির নানকের বাসভবনের সামনে কাঠের বেড়ায় অগ্নিসংযোগ করে। তবে এতে ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে স্থানীয়রা। সূত্র: বাংলা ট্রিবিউন
পূর্বকোণ/আরআর

















