চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আব্দুস সোবাহান (৩৩) নামে এক যুবককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর থানার কোম্পানীগঞ্জ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. নাছির (৪৫) ও হাজেরা (৪৫) এবং তদন্তেপ্রাপ্ত আসামি মো. ফারুক (৪২)। তারা সবাই নগরীর বাকলিয়া থানার তক্তারপুল এলাকার বাসিন্দা।
এসআরবি সূত্রে জানা যায়, নিহত আব্দুস সোবাহান বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের তক্তারপুল এলাকার নুর ইসলামের ছেলে। তার বিরুদ্ধে আগে থেকেই একটি হত্যা ও একাধিক মাদক মামলা ছিল। এলাকার মাদক স্পটগুলোর নিয়ন্ত্রণ এবং একক আধিপত্য বজায় রাখা নিয়ে স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে তার দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। এরই জেরে গত ১২ নভেম্বর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে তক্তারপুল এলাকায় নিজ বাড়ির সামনে প্রতিপক্ষের হামলার শিকার হন সোবাহান। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর আসামিদের ধরতে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি-৭। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে, মামলার কয়েকজন অভিযুক্ত কুমিল্লার মুরাদনগরে আত্মগোপন করে আছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআরবি-৭ ও ১১ এর যৌথ দল কোম্পানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এসআরবি-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর


















