চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৬ | ৫:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় মোহাম্মদ মাসুম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
 
 
বুধবার (১৮ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
 
নিহত মাসুম আকবরশাহ থানার একে খান এলাকার ফরিদারপাড়ার বাসিন্দা মাহবুবুল আলমের একমাত্র ছেলে। তিনি বিবাহিত ছিলেন এবং তার এক কন্যাসন্তান রয়েছে।
 
 
এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। নিহত মাসুমের মামা মো. হাফিজুর রহমান (৫৪) বাদী হয়ে নগরীর পাহাড়তলী থানায় মামলাটি করেন।
 
 
মামলার এজাহারে আসামি করা হয়েছে আকবরশাহ থানার ৩ নম্বর ঝিল এলাকার মো. হাসান (৪০), গোলপাহাড় এলাকার জাকির প্রকাশ মাম জাকির (৪২), অনিক (২৩), সাইফুল (৩২) ও মো. আজমকে (৩০)।
 
 
মামলার বাদী মো. হাফিজুর রহমান জানান, মাসুমের এক বন্ধু ম্যাক্সিমা গাড়ি চালান। ওই বন্ধুর সঙ্গে কয়েকজনের বাগবিতণ্ডা হলে তা মীমাংসা করতে এগিয়ে যান মাসুম। এ সময় দুজনকেই ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত মাসুমকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
 
পাহাড়তলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. রুহুল আমিন লাবু বলেন, ‘গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মাসুমের মৃত্যু হয়েছে। আজ দুপুরে তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। নিহতের পরিবারের এজাহার অনুযায়ী, ঘটনার সময় কথা-কাটাকাটির বিষয়টি জানা গেছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে মূল ঘটনা বেরিয়ে আসবে।’
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট