চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে

অনলাইন ডেস্ক

১৯ নভেম্বর, ২০২৬ | ৫:৪৪ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে (৮১) কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন, দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান মোড়ল।

আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম নাহিদ ঘটনার বিষয়ে এবং পলাতক অপর আসামিদের বিষয়ে তথ্য প্রদান করেছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ধ্বংসাত্মক কার্যক্রমে আর্থিক সহায়তা ও সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং নিজস্ব কর্মীবাহিনী নিয়োজিত করার প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে প্রয়োজনে পরবর্তীতে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল ৩টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। অভিযোগ অনুযায়ী, হামলাকারীদের ছোড়া গুলিতে পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সাদিকুল ইসলাম।

পরদিন ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আদালতের নির্দেশে সংশ্লিষ্ট থানায় মামলাটি এফআইআর হিসেবে গণ্য করা হয়।

পুলিশ জানায়, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত দায়ের হওয়া আরও ১০টি মামলার তথ্য রয়েছে।

পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট