কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বন্দর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের আকবর হাজির পাড়ার জয়নাল আবদীনের ছেলে মো. শাহীন (২৪) ও আব্দুস ছালামের ছেলে সৌদি আরব প্রবাসী ইকবাল (২৫)।
আহত মো. কাইয়ুম (২৪) একই এলাকার দেলোয়ারের ছেলে। নিহত ও আহতরা সম্পর্কে আত্মীয় এবং বন্ধু।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ায় সড়কটি পিচ্ছিল হয়ে পড়ে। সন্ধ্যায় বন্দর সড়কে ঘোরাঘুরি শেষে ওই তিন তরুণ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে পিচ্ছিল সড়কে হঠাৎ একটি কুকুর সামনে চলে এলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই শাহীন ও ইকবালের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কাইয়ুমকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
একসঙ্গে দুই তরুণের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
কালারমারছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ বলেন, দুই স্বজনের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এই শোক কোনোভাবেই পূরণ হবার নয়।’
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
পূর্বকোণ/এমএইচ/এএইচ

















