চট্টগ্রামের আনোয়ারায় হেলমেট ও মুখোশ পরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ থেকে ৩০ জন নেতা-কর্মী। এ সময় কয়েকজনের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসদৃশ বস্তু দেখা যায়। মিছিল শেষে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পৈতৃক বাড়িসংলগ্ন সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টাও করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনার ২ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ২০ থেকে ৩০ জন যুবককে হেলমেট ও মুখোশ পরে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের কয়েকজনের হাতে লাঠিসোঁটা, লগি-বইঠা ও দেশীয় অস্ত্রসদৃশ বস্তু ছিল।
ভিডিওতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’, ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এ সময় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষেও স্লোগান দেওয়া হয়।
স্থানীয় সূত্রের দাবি, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পৈতৃক বাড়িসংলগ্ন পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের আল-আমিন কমিউনিটি সেন্টারের পাশে এ ঘটনা ঘটে। মিছিল শেষে অংশগ্রহণকারীরা সড়কে আগুন ধরিয়ে দেন এবং গাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘মিছিলের একটি ভিডিও আমরা দেখেছি। তারা মিছিলের নামে গাছ কেটে নৈরাজ্য চালানোর চেষ্টা করেছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে আমরা দুজনকে আটক করেছি। ভিডিও দেখে বাকিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পূর্বকোণ/পিআর


















