চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ

২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ

অনলাইন ডেস্ক

১৯ নভেম্বর, ২০২৬ | ৬:২৫ অপরাহ্ণ

বিশ্বজুড়ে মুসলমানদের সংখ্যা দ্রুতই খ্রিষ্টানদের ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি খ্রিষ্টান জনগোষ্ঠীর দেশ হতে চলেছে মধ্য আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। জন্মহার, গড় আয়ু এবং অভিবাসন কাঠামোর পরিবর্তনের ফলে ২০৭০ সালের মধ্যে বৈশ্বিক ধর্মের জনসংখ্যা কীভাবে আমূল বদলে যাবে, সম্প্রতি প্রকাশিত এক নতুন গবেষণায় এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।
 
যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত ও গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার এবং পোল্যান্ডের সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ অব পপুলেশন অ্যান্ড রিলিজিয়নের (ক্যাসপার) যৌথ উদ্যোগে পরিচালিত ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়ন্স’ প্রকল্পে এই তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের কিছু অঞ্চলের ধর্মীয় কাঠামোতে ব্যাপক পরিবর্তন আসবে, আবার কিছু অঞ্চলে বিশ্বাসের অনুপাত প্রায় অপরিবর্তিত থাকবে।
 
গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে চীনে জনসংখ্যা আনুমানিক ৪২ কোটি ১০ লাখ কমবে। এর ফলে বিশ্বে ধর্মে আস্থাহীন বা ধর্মহীন মানুষের (যারা বর্তমানে মূলত এশিয়ায় বাস করেন) বৈশ্বিক অনুপাত হ্রাস পাবে। অন্যদিকে উচ্চ জন্মহারের কারণে বিশ্বের অধিকাংশ খ্রিষ্টানের মূল কেন্দ্র উত্তর আমেরিকা ও ইউরোপ থেকে সরে গিয়ে উপ-সাহারা আফ্রিকায় স্থানান্তরিত হবে।
 
 
পিউ রিসার্চ সেন্টারের জ্যেষ্ঠ জনমিতিবিদ এবং এই প্রকল্পের অন্যতম প্রধান কনরাড হ্যাকেট বলেন, ‘মানুষের মধ্যে একটি ভুল ধারণা থাকতে পারে যে মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ হলে তা হয়তো খ্রিষ্টানদের জনসংখ্যার বিনিময়ে ঘটবে। কিন্তু বাস্তব হলো, মুসলিম জনসংখ্যার ৭৪ শতাংশ বৃদ্ধিই ঘটবে এমন সব দেশে, যেগুলো ইতিমধ্যে মুসলিম-প্রধান। একইভাবে খ্রিষ্টানদের বৃদ্ধির সিংহভাগই ঘটবে সেসব অঞ্চলে, যেখানে ইতিমধ্যে খ্রিষ্টানরা সংখ্যাগরিষ্ঠ।’ তিনি জানান, ২০৩৫ সালের মধ্যেই মুসলমানরা বিশ্বের একক বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হবে।
 
হ্যাকেট জানান, জনমিতির এই সমীকরণ একেক ভৌগোলিক অঞ্চলে একেক রকম বাস্তবতার জন্ম দেবে।
 
যেমন বিশ্বের অধিকাংশ দেশেই ধর্মহীন বা নির্দিষ্ট কোনো ধর্মে বিশ্বাসী নন—এমন মানুষের সংখ্যা বাড়বে। তবে চীনের জনসংখ্যা ব্যাপকভাবে কমে যাওয়ার কারণে সামগ্রিকভাবে বিশ্বে ধর্মহীন মানুষের অনুপাত মোট জনসংখ্যার ২৪ দশমিক ২ শতাংশ থেকে কমে ১৭ শতাংশে নেমে আসবে।
 
বর্তমানে তুরস্ক থেকে ফিলিপাইন পর্যন্ত বিস্তৃত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশ্বের প্রায় ৫৯ শতাংশ মুসলমান বাস করেন। গবেষণার পূর্বাভাস অনুযায়ী, এই অঞ্চলে মুসলিম জনসংখ্যা বাড়লেও উপ-সাহারা আফ্রিকায় অতিদ্রুত বৃদ্ধির কারণে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আর এককভাবে বিশ্ব মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কেন্দ্র থাকবে না। বিশেষ করে তরুণ বয়সকাঠামো এবং উচ্চ জন্মহারের কারণে নাইজেরিয়ার মুসলিম জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ২৮ কোটি ২০ লাখে পৌঁছাবে।
 
পিউ রিসার্চের হিসাবে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে সামগ্রিক বিশ্ব জনসংখ্যা বৃদ্ধি পাবে ২৯ শতাংশ। তবে এই সময়ে মুসলিম জনসংখ্যা বাড়বে ৮০ শতাংশ এবং খ্রিষ্টানদের সংখ্যা বাড়বে ৩০ শতাংশ।
 
একই সময়ে ইহুদিদের সংখ্যা দেড় কোটি থেকে বেড়ে এক কোটি ৮০ লাখে পৌঁছাবে, যাদের সিংহভাগই বাস করবেন ইসরায়েলে। বর্তমানে বারম্যান জিউইশ ডাটাব্যাংকের তথ্যানুযায়ী, ইসরায়েলে ৬৮ লাখ, যুক্তরাষ্ট্রে ৫৭ লাখ এবং ইউরোপে ১৩ লাখ ইহুদি বাস করেন।
 
গবেষণায় দেখা গেছে, কম গড় বয়স এবং উচ্চ জন্মহারের কারণেই মূলত মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ছে। মুসলিম নারীদের প্রজনন হার গড়ে প্রতিজনে ৩ দশমিক ১ সন্তান, যেখানে অমুসলিম নারীদের ক্ষেত্রে তা ২ দশমিক ০। উপ-সাহারা আফ্রিকায় মুসলিম নারীদের এই প্রজনন হার সর্বোচ্চ ৫ দশমিক ১।
 
পিউ-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে বিশ্বের যে ৫৩টি দেশ ও অঞ্চল মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল, ২০৭০ সালেও সেগুলো তেমনই থাকবে। এসব দেশের অধিকাংশেই মুসলমানরা জনসংখ্যার ৯০ শতাংশ বা তার বেশি থাকবেন। তবে অন্যান্য অনেক দেশে তারা তুলনামূলক ছোট সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবেই থাকবেন।
 
এদিকে খ্রিষ্টধর্মের মূল ভরকেন্দ্র পশ্চিম থেকে গ্লোবাল সাউথ বা দক্ষিণের দেশগুলোতে স্থানান্তরিত হচ্ছে। খ্রিষ্টধর্মের ইতিহাসবিদ মার্ক নল উল্লেখ করেছেন, আফ্রিকায় যেভাবে দ্রুতগতিতে খ্রিষ্টধর্ম বাড়ছে, তার ধরন মার্কিন খ্রিষ্টানদের চেয়ে আলাদা; কারণ আফ্রিকার খ্রিষ্টধর্ম অনেকটাই আত্মিক ও ভাববাদী।
 
মার্ক নল বলেন, ‘খ্রিষ্টধর্মের অতিপ্রাকৃতিক উপাদানগুলো পাশ্চাত্যে একসময় থাকলেও পরবর্তীতে পরিমার্জিত ও সীমিত করা হয়েছিল, কিন্তু বৃহত্তর খ্রিষ্টান বিশ্বের ক্ষেত্রে বিষয়টি তা নয়।’ তিনি আরও যোগ করেন, আফ্রিকার মাটিতে ইসলাম ও খ্রিষ্টধর্মের মধ্যে একটি প্রতিযোগিতা থাকবে, কারণ দুটি বিশ্বাসই সেখানে অত্যন্ত বৃহৎ পরিসরে বিদ্যমান।
 
পিউ-এর প্রতিবেদনে বলা হয়, একবিংশ শতাব্দীতে বৈশ্বিক জনসংখ্যার সিংহভাগ বৃদ্ধি ঘটবে আফ্রিকায়, বিশেষ করে উপ-সাহারা অঞ্চলে, যেখানে অধিকাংশ মানুষই মুসলিম বা খ্রিষ্টান। কেবল এই দুটি ধর্মই ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির গতির (২৯ শতাংশ) সঙ্গে সমানতালে এগিয়ে যাবে।
 
অন্যদিকে বিশ্বে হিন্দু জনসংখ্যা আগামী ৫০ বছরে ১৯ কোটি ৯০ লাখ বৃদ্ধি পেয়ে মোট ১৪০ কোটিতে পৌঁছাবে। তবে সাম্প্রতিক দশকগুলোতে হিন্দুদের মধ্যে প্রজনন হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে; বর্তমানে হিন্দু নারীদের প্রজনন হার গড়ে ১ দশমিক ৯, যেখানে সাধারণ বৈশ্বিক হার ২ দশমিক ৩।
 
অভিবাসনপ্রক্রিয়াও হিন্দু জনগোষ্ঠীর অবস্থানে প্রভাব ফেলবে। বিশেষ করে উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে হিন্দুদের অভিবাসন বাড়বে। যুক্তরাষ্ট্রে হিন্দুদের হার ২০২০ সালের শূন্য দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ২০৭০ সালে ২ শতাংশে পৌঁছাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 
প্রতিবেদনে প্রচলিত ধর্মীয় রূপান্তর বা বিশ্বাস বদলের ধারার ওপর ভিত্তি করেই এই হিসাব করা হয়েছে, কোনো ধর্মতাত্ত্বিক প্রচারণাকে এতে যুক্ত করা হয়নি বলে জানান হ্যাকেট।
 
এদিকে ইতিহাসবিদ মার্ক নল বলেন, যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানদের হার বর্তমানের ৬৪ শতাংশ থেকে কমে ২০৭০ সালে ৪৮ শতাংশে নেমে তারা সংখ্যালঘু হওয়ার যে পূর্বাভাস এসেছে, তা মার্কিন গণতন্ত্রের কাঠামোর সঙ্গে খ্রিষ্টধর্ম ও ইহুদিধর্মের ঐতিহাসিকভাবে যুক্ত থাকার বিষয়ে জটিল প্রশ্ন তৈরি করবে। আমেরিকান খ্রিষ্টানদের তখন বিশ্বের যেসব অঞ্চলে খ্রিষ্টানরা সংখ্যালঘু হিসেবে আছেন, কিংবা চার্চের শুরুর শতকগুলোর ইতিহাসের দিকে তাকাতে হবে যখন তারা সংখ্যালঘু ছিলেন।
 
তবে এই পরিবর্তনের পরও যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানরাই একক বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হিসেবে থাকবে, যাদের পরেই অবস্থান হবে ধর্মহীনদের। আর মুসলিম, ইহুদি, বৌদ্ধ ও হিন্দুরা জনসংখ্যার একক অঙ্কের ক্ষুদ্র শতাংশেই সীমাবদ্ধ থাকবে। মার্ক নল বলেন, ‘বিশ্বাসীরা যখন আর সামগ্রিক নিয়ন্ত্রণে থাকে না, তখন তাদের পথ দেখানোর মতো প্রচুর সম্পদ ও শিক্ষা বিশ্ব ইতিহাসে রয়েছে।’
 
পূর্বকোণ/রাকিব 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট