চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

আমিরাতে ‘বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আমিরাতে ‘বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইউএই প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০২৬ | ৫:০৪ অপরাহ্ণ

আরব আমিরাতে প্রবাসী নবীন ও প্রবীণ উদ্যোক্তাদের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং দেশীয় পণ্য, ফ্যাশন, বুটিক, হস্তশিল্প ও ঐতিহ্যবাহী খাবারকে তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাওয়া সংগঠন ‘বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

শনিবার (১৪ নভেম্বর) আজমানের ‘উম্মুল মুমিনীন উইমেন্স অ্যাসোসিয়েশন’ অডিটোরিয়ামে দিনব্যাপী মেলা ও নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে এ প্রবাসী মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে আমিরাতের সাতটি প্রদেশ থেকে প্রবাসী নারীরা পরিবার-পরিজন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

সংগঠনের সভাপতি লাবণ্য আদিলের সভাপতিত্বে এবং তানিয়া নোভা ও তন্বী সাবরিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইজুন নাহার চৌধুরী। দিনব্যাপী মেলায় প্রবাসী নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পোশাক, হস্তশিল্প, অলংকার ও ঐতিহ্যবাহী খাবারের স্টলগুলো দর্শনার্থীদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

 

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘অ্যাওয়ার্ড ২০২৬’ সম্মাননা প্রদান। প্রবাসের মাটিতে নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ অবদান, নারীর অগ্রগতি এবং সফল উদ্যোক্তা হিসেবে সাফল্যের স্বীকৃতিস্বরূপ পাঁচজন অনুপ্রেরণাদায়ী নারীকে এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন— জুলি জাফর চৌধুরী, মীনা কবীর, মমতাজ আইয়ুব, নাজমুন নাহার বুবলী এবং শেখ সিদরাতুন মুনতাহা তামরিন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী নারীদের প্রতিভা, যোগ্যতা ও অর্জনকে সামনে নিয়ে আসা এবং দক্ষ নারীদের যথাযথ স্বীকৃতি দেওয়াই এ সংগঠনের মূল লক্ষ্য। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আমিরাতের স্থানীয় আইন-কানুনের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের আহ্বান জানান তারা।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইয়াসমিন ইসলাম মেরুনা, জেসমিন মাহাবুব সিআইপি, রুমানা আক্তার, শেফালী আক্তার আঁখি সিআইপি, সংগঠনের প্রতিষ্ঠাতা লিজা হোসাইন, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, লায়লা রুবাইয়াৎ, মারিয়ুম মুহাম্মদ, তানিয়া কলি, ইষিকা মাজহার ও দিলশাদ আফরোজ।

 

অনুষ্ঠানের শেষার্ধে ‘বিএলসি কালচারাল ফোরাম’-এর শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান ও নৃত্যসহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট