চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে এলাকাটির ছিন্নমূল অলংকার শাখার বৌদ্ধমন্দির সংলগ্ন এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি এলজি, একটি পিস্তল ও একটি পাইপগান।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সলিমপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ী জনপদ জঙ্গল সলিমপুরে বৌদ্ধ মন্দির সংলগ্ন এলাকার কয়েকজন বাসিন্দা পরিত্যক্ত অস্ত্রগুলো দেখতে পেয়ে পুলিশকে জানালে খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, জঙ্গল সলিমপুরের ছিন্নমূল পাথরিঘোনা এলাকার বাসিন্দা এজাহার হোসেন (৫২) ও মোহাম্মদ শাকিল (২৫) পাহাড়ি এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো দেখতে পান। পরে তাঁরা বিষয়টি এস এম পাইলট উচ্চবিদ্যালয় পুলিশ ক্যাম্পকে জানান। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করেন। পরে সেগুলো সীতাকুণ্ড মডেল থানায় নিয়ে আসা হয়।
ওসি মহিনুল ইসলাম আরো জানান, কারা সেখানে অস্ত্রগুলো রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত এর আগের দিন (বুধবার) জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইয়াসিনের ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে থাকা মোবাইলে প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারে ব্যবহৃত ৩৯টি ফেসবুক পেজ ও আইডি শনাক্ত করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সূত্র জানায়, জঙ্গল সলিমপুরের ভূমিদস্যুরা সেখানে প্রশাসনের তৎপরতা বন্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। বিগত দিনে অসংখ্যবার তারা প্রশাসনের বিভিন্ন বাহিনীর ক্যাম্পে হামলা, ভাঙচুর, পানিতে বিষ মেশানো, রাব সদস্যকে হত্যাসহ নানান ঘটনা ঘটিয়েছে। তারা আবারও নতুন করে হামলাসহ নানান ঘটনা ঘটাতে তৎপর রয়েছে। এসব অস্ত্র তারই আলামত হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
পূর্বকোণ/আরআর

















