চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

অনলাইন ডেস্ক

১৯ নভেম্বর, ২০২৬ | ৮:৩১ অপরাহ্ণ

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মুর্শিদুল আলম জ্যোতিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করে ডিবির উত্তরা বিভাগের একটি দল।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলন চলাকালে ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হলে এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক। মামলার এজাহারে জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়েছে।

এ মামলায় অভিনেত্রী অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকেও আসামি করা হয়েছে। মামলার অভিযোগে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে।

এ মামলায় অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।

 

পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট