সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। তিনি রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাবেক সংসদ সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে কয়েকটি মোটরসাইকেলে পাঁচ থেকে ছয়জন বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। এরপর তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।
চকসিংগা গ্রামের স্থানীয় হলুদ ব্যবসায়ী শামসুল ইসলাম বলেন, এমপি শাহরিয়ার আলমের বাড়ির প্রাচীর টপকিয়ে পাঁচ থেকে ছয়জনের একটি দল ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে চলে যান। এরপর আমরা স্থানীয় বাসিন্দারা আগুন নেভাই। তবে যারা আগুন দিয়ে চলে গেছে, তারা কেউ আড়ানী বা আশপাশের লোক না। তাদের বহিরাগত মনে হয়েছে।
বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনের খবর পেয়েছি। পুলিশ গিয়ে তেমন কিছু পায়নি। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা চলে যায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৬ ফেব্রয়ারি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে এই বাড়িতে আর কেউ থাকেন না।
পূর্বকোণ/আরআর