চট্টগ্রামের আনোয়ারায় চাতুরী চৌমুহনী এলাকায় ট্রাফিক পুলিশের একটি বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে বক্সের ভেতরে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্রও।
চাতুরী চৌমুহনী এলাকার ট্রাফিক পুলিশ বক্সের ইনচার্জ আশিকুল ইসলাম জানান, রাতে দায়িত্ব পালন শেষে তারা ট্রাফিক বক্স থেকে চলে যান। পরে ফজরের সময় এসে বক্সের ভেতরে আগুন দেওয়ার চিহ্ন দেখতে পান। এ সময় বক্সের এক পাশের কাচ ভাঙা অবস্থায় পড়ে ছিল এবং ভেতরে থাকা কয়েকটি চেয়ার পুড়ে যায়। ঘটনার পর থেকে তারা সেখানে বসে দায়িত্ব পালন করতে পারছেন না।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে কয়েকজনসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট আটজনকে আটক করা হয়েছে।
পূর্বকোণ/পিআর


















