কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রাম বিভাগে ২৪ ঘণ্টায় ৮৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৩৯০ জনকে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে মাদকবিরোধী অভিযানে ৬৩ হাজার ৩৫৯ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) পরিচালিত অভিযানের ২৪ ঘণ্টার ফলাফল মঙ্গলবার (১৭ নভেম্বর) গণমাধ্যমকে জানায় চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৭৮ জন, আগের মামলায় ৯১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয়জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৫ জন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন পরোয়ানায় ১৪৮ জন এবং সাজা পরোয়ানায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৭৩ জনকে। তাঁদের মধ্যে একজন মাদক বহনকারী এবং ৭২ জন মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৬৩ হাজার ৩৫৯ পিস ইয়াবা, ৮০ লিটার ৫০ গ্রাম চোলাই মদ, ৬০ গ্রাম ইয়াবার গুঁড়া, ১১৫ বোতল স্কাফ সিরাপ, ৪৮ বোতল বিদেশি মদ এবং ১৫ কেজি ৬০ গ্রাম গাঁজা। এসব ঘটনায় ৩৪টি মাদক মামলা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩১ জনকে কারাদণ্ড এবং ২৩ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৯০ জনের মধ্যে ২২২ জনকে মুচলেকায় অভিভাবক বা জিম্মাদারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৬৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা অনুযায়ী, কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি ১৮৬ জনকে আটক করা হয়েছে কুমিল্লায়। এ ছাড়া চট্টগ্রামে ৫১, লক্ষ্মীপুরে ৩৭, ব্রাহ্মণবাড়িয়ায় ৩২, চাঁদপুরে ২০, কক্সবাজারে ১৯, খাগড়াছড়িতে ১৪, নোয়াখালীতে ১০, ফেনীতে আট, রাঙামাটিতে সাত এবং বান্দরবানে ছয়জনকে আটক করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য গ্রেপ্তারের সংখ্যায়ও এগিয়ে কুমিল্লা। এ জেলায় গ্রেপ্তার হয়েছেন ২৯ জন। চট্টগ্রাম ও চাঁদপুরে ১২ জন করে, কক্সবাজারে ১১, খাগড়াছড়িতে পাঁচ, লক্ষ্মীপুরে চার, ব্রাহ্মণবাড়িয়ায় তিন এবং নোয়াখালী, রাঙামাটি ও বান্দরবানে একজন করে গ্রেপ্তার হয়েছেন।
পূর্বকোণ/আরআর


















