‘আমরা কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বিরুদ্ধে নই, আমরা অপরাধী ও নাশকতাকারীদের বিরুদ্ধে’ এমন কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।
তিনি বলেছেন, ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অপরাধী যে পরিচয়েরই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (১৮ অক্টোবর) রাতে পটিয়া থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ দমনে পুলিশ ও সাধারণ মানুষ একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি, এসআরবি(র্যাব), এপিবিএন ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে যৌথ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা প্রস্তুত রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করে এসপি মাসুদ আলম বলেন, পুরোনো ভিডিও ও ছবি নতুন ঘটনার নামে প্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। ১০ দিন কিংবা দুই বছর আগের ভিডিও সাম্প্রতিক ঘটনা হিসেবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে বিশৃঙ্খল মিছিলের নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করতে তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, পুলিশ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সংগঠনকে লক্ষ্য করে কাজ করে না। অপরাধ, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার সঙ্গে যারাই জড়িত থাকবে, তাদের বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পটিয়ার পাহাড়ি এলাকায় সাম্প্রতিক অপহরণের ঘটনা নিয়েও কথা বলেন পুলিশ সুপার। তিনি জানান, ভুক্তভোগীদের স্বজনদের পক্ষ থেকে থানায় লিখিত বা মৌখিক অভিযোগ না এলেও সাংবাদিকদের মাধ্যমে তথ্য পাওয়ার পরপরই থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল উদ্ধার অভিযানে নামে। পুলিশের তৎপরতায় অপহৃত ৭ থেকে ৮ জন নিরাপদে ফিরে এসেছেন।
পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বন্ধে অপরাধীদের আস্তানা, তাদের পেছনের শক্তি ও সহযোগীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ রবিউল ইসলাম, পুলিশ পরিদর্শক (ডিআই-১) আনোয়ার হোসেন, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক, ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা।
পূর্বকোণ/আরআর


















