কক্সবাজার সৈকতে পর্যটন কার্নিভাল আয়োজনকে কেন্দ্র করে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংসের যে অভিযোগ উঠেছে, সরেজমিন যৌথ পরিদর্শন শেষে তার সত্যতা মেলেনি বলে জানিয়েছে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো। বিমান চলাচলের সুবিধার্থে পূর্বে কর্তিত গাছের অংশ ও ঝড়ে পড়া গাছের গুঁড়ি দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে বলে যৌথ ব্রিফিংয়ে জানানো হয়।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় কক্সবাজার জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন), জেলা পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কার্নিভাল স্থানটি সরেজমিন ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান বলেন, ‘কার্নিভালের জন্য গাছ কাটার বিষয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তদন্তে তার কোনো সত্যতা পাওয়া যায়নি। যেসব গাছের গোড়া বা কাটা অংশ দেখা যাচ্ছে, সেগুলো মূলত বিমান চলাচলের সুবিধার্থে পূর্বে কাটা ও রুটিন ছাঁটাইয়ের অংশ, যা বন বিভাগের হিসাবে নিবন্ধিত রয়েছে। কার্নিভালের কারণে নতুন কোনো গাছ কাটা হয়নি। কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে, অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।”
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) অ্যারোড্রোম কর্মকর্তা শিমুল গণী জানান, রানওয়ে অ্যাপ্রোচ এলাকায় বিমান নামার সুবিধার্থে অনুমতি সাপেক্ষেই গাছের উপরিভাগ ছাঁটাই (ট্রিমিং) করা হয়েছে, যা কার্নিভাল সূচনার অনেক আগের নিয়মিত আইনি প্রক্রিয়া।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী তারিকুর রহমান বলেন, “উন্নয়ন বা কার্নিভালের জন্য এখানে কোনো গাছ কাটা হয়নি। অতীতে বিভিন্ন দুর্যোগে উপড়ে পড়া কিছু গাছ নিয়ম মেনে কেটে রাজস্ব কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে, যার গুঁড়ি এখনও রয়ে গেছে। আর সিভিল এভিয়েশনের নিয়মিত ট্রিমিং প্রক্রিয়ার বিষয়েও আমরা অবগত।”
একই সুর ব্যক্ত করে পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক এহসানুল কবির জানান, “গাছ কাটার প্রশ্নই ওঠে না। পুরোনো গুঁড়ির ছবি তুলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে এআই (AI) প্রযুক্তিতে তৈরি জলপরীর ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে কার্নিভালে এমন ভাস্কর্য থাকবে, যার কোনো ভিত্তি নেই।”
পরিবেশগত কোনো বিধিমালা ভঙ্গ হয়নি উল্লেখ করে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক রুহুল আমিন খাঁন জানান, পর্যটন করপোরেশন তাদের নিজস্ব স্থানে নির্ধারিত বিধি মেনেই আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে একই দিন সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি দেখা গেছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ (বাফা) পাঁচটি পরিবেশবাদী সংগঠন গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করে। একই সময়ে বিচ কার্নিভাল আয়োজনের সমর্থনে ‘কক্সবাজার পর্যটন সুরক্ষা আন্দোলন’ নামক সংগঠনের ব্যানারে কার্নিভাল বন্ধের চেষ্টার বিরুদ্ধে অন্য একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যৌথ পরিদর্শকালে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামীম আহমেদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
পূর্বকোণ/আরআর


















